রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

‘ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে রক্ষা করতে ইরানের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র’

নিউজজি ডেস্ক ৩ সেপ্টেম্বর , ২০২৬, ১১:৩৫:৫১

64
  • সংগৃহীত

ঢাকা: ইসরায়েল, মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা বিশ্বকে সুরক্ষিত রাখার লক্ষ্যেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র লড়াই করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইসরায়েলকে আশ্বস্ত করে বলেছেন, দেশটির উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই এবং তিনি নিজেই ইসরায়েলের নিরাপত্তার বিষয়টি দেখভাল করবেন। একই সঙ্গে ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে রয়েছে দাবি করে প্রয়োজন হলে আবারও ইরানে হামলা চালানোর প্রস্তুতির কথা জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় বুধবার (২ সেপ্টেম্বর) এসব মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও ইসরায়েলকে সহযোগিতা করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেও এই অভিযান চালানো হচ্ছে।

ট্রাম্পের দাবি, ইসরায়েলকে ধ্বংস করার পর ইরান মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে লক্ষ্যবস্তু বানাত এবং পরবর্তী সময়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরেও হামলা চালানোর পরিকল্পনা করত। এ কারণেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ প্রয়োজনীয় বলে মন্তব্য করেন তিনি। খবর আনাদোলু এজেন্সি

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের বিরুদ্ধে খুব ভালো করছি।’

এর আগে তেহরানের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়ায় ইসরায়েলিদের আশ্বস্ত করেন ট্রাম্প। ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কানকে তিনি বলেন, ‘ইসরায়েলের চিন্তার কিছু নেই। জানেন কেন? কারণ আমি প্রেসিডেন্ট এবং আমি ইসরায়েলের দেখভাল করব।’

প্রায় এক মাসের বিরতির পর নতুন করে সংঘাত শুরু হওয়ার মধ্যেই ট্রাম্প এসব মন্তব্য করেন। এর আগে সপ্তাহান্তে ইরানের লারাক দ্বীপে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

ইসরায়েলের নিরাপত্তার বিষয়ে ট্রাম্পের বক্তব্য তার দীর্ঘদিনের অবস্থানেরই প্রতিফলন। তিনি ইসরায়েলের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সমর্থনকে শুধু দুই দেশের প্রচলিত জোটের বিষয় হিসেবে নয়, বরং নিজের ব্যক্তিগত অঙ্গীকার হিসেবেই তুলে ধরেছেন।

এদিকে বুধবার ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র চাইলে ‘যেকোনও সময়’ আবারও ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘নিয়ন্ত্রণ রয়েছে এবং আমরা নিয়ন্ত্রণ করছি’। বড় ধরনের সমস্যায় না পড়েই এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে তেলবাহী ট্যাংকার পার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কোনও সমস্যা ছাড়াই এটা করছি। মাঝে মাঝে তারা একটি ড্রোন ছোড়ে এবং আমরা সেটি ভূপাতিত করি। তবে আমাদের নিয়ন্ত্রণ খুবই শক্তিশালী।’

ট্রাম্পের দাবি, ইরান হরমুজ প্রণালিতে রাডার ও ক্ষেপণাস্ত্রব্যবস্থা পুনর্গঠন এবং সমুদ্রপথে মাইন স্থাপনের সক্ষমতাসম্পন্ন সরঞ্জাম তৈরির চেষ্টা করছিল। তিনি বলেন, ‘আমরা সব মাইন সরিয়ে দিয়েছি’। তার দাবি, ইরান প্রণালিতে মাইন ফেলার জন্য একটি রকেট তৈরির চেষ্টা করছিল।

ট্রাম্প জানান, হরমুজ প্রণালির কাছে ইরানের এসব তৎপরতা শনাক্ত করে যুক্তরাষ্ট্র এবং নতুন করে তৈরি করা সরঞ্জাম ধ্বংস করেছে। তিনি বলেন, ‘গত রাতে আমরা তাদের ওপর খুব কঠোর হামলা চালিয়েছি, খুবই কঠোর। তারা সামান্য জবাব দিয়েছে, কিন্তু আমরা গত রাতে তাদের ওপর খুব কঠোর হামলা চালিয়েছি।’

হরমুজ প্রণালির পাশে ইরান যে নতুন সরঞ্জাম তৈরির চেষ্টা করেছিল, তার সবই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, এসব সরঞ্জামের মধ্যে প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক—দুই ধরনের ব্যবস্থাই ছিল।

প্রয়োজনে আবারও হামলা চালানোর প্রস্তুতির কথা জানিয়ে ট্রাম্প বলেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। তিনি বলেন, ‘ইরান পারমাণবিক অস্ত্র পেতে পারে না। আমি জানি না তারা আর কতটা চাপ সহ্য করতে পারবে।’

হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি শুধু কথাটা ছুড়ে দিয়েছিলাম।’

এর আগে গত মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এর পর ইরানের গণমাধ্যম কেশম দ্বীপ, বন্দর আব্বাস, সিরিক, চাবাহার ও কোনারাকে বিস্ফোরণের খবর জানায়।

পরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, তারা প্রতিবেশী কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এসব দেশের মধ্যে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন ও ইরাকও রয়েছে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers