রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

স্কুলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার নিষিদ্ধ করল নিউইয়র্ক সিটি

নিউজজি ডেস্ক ৩ সেপ্টেম্বর , ২০২৬, ১১:৩৬:৪৩

59
  • সংগৃহীত

ঢাকা: শিশুদের শিক্ষার মান ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বুধবার শহরের মেয়র জোহরান মামদানি এক বছরের জন্য এই সিদ্ধান্ত কার্যকর করার ঘোষণা দেন।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় স্কুল বোর্ডের এই সিদ্ধান্তের দিকে দেশজুড়ে নজর থাকবে বলে মনে করা হচ্ছে। এর ফলে নিউইয়র্কের সরকারি স্কুলের প্রায় ৬ লাখ শিক্ষার্থী প্রভাবিত হবে।

তবে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এআই ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হলেও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা, যাদের বয়স সাধারণত ১৪ বছর বা তার বেশি, সীমিত পরিসরে কিছু পাইলট কর্মসূচিতে এআই ব্যবহারের সুযোগ পাবে। পাশাপাশি তাদের বছরে দুইবার এআই বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির ক্লাস করানো হবে।

বিশেষভাবে মানসিক সহায়তার জন্য ডিজাইন করা কম্প্যানিয়ন চ্যাটবটগুলো সব গ্রেডেই (শ্রেণি) নিষিদ্ধ থাকবে।

এক বিবৃতিতে মেয়র জোহরান মামদানি বলেন, ‘প্রযুক্তি শিল্প আমাদের এটা বিশ্বাস করাতে চায় যে, এআই-চালিত প্রারম্ভিক শিক্ষা (আর্লি এডুকেশন) কেবল অনিবার্যই নয়, বরং প্রয়োজনীয়। আমরা বিষয়টিকে সেভাবে দেখি না।’

তিনি আরও বলেন, ‘শিখতে এবং বেড়ে উঠতে শিশুদের শিক্ষক এবং মানবিক সংযোগের প্রয়োজন। তাদের সহপাঠীদের সাথে দক্ষতা বিকাশ করতে হবে, শিক্ষকদের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে এবং নিজেদেরই কঠিন সমস্যাগুলোর মোকাবিলা করতে হবে।’

তবে শিক্ষকরা পাঠ পরিকল্পনা এবং প্রশাসনিক কাজের জন্য এখনও এআই ব্যবহারের অনুমতি পাবেন।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ জুড়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, নির্বাচিত কর্মকর্তা এবং শিল্প বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি টাস্কফোর্স তাদের ফলাফল প্রকাশের আগে এই স্থগিতাদেশের প্রভাব মূল্যায়ন করতে মিলিত হবে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল বুধবার বলেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি যেন আমাদের শিশুদের এবং তাদের শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়িয়ে বরং তাদের সহায়তা করে, তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের রয়েছে। সূত্র: এএফপি

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers