রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

নিউজজি ডেস্ক ৩ সেপ্টেম্বর , ২০২৬, ১১:৩৭:৩৬

58
  • সংগৃহীত

ঢাকা: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যেই কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এসব হামলা মোকাবিলায় কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ইরানি গণমাধ্যমের দাবি, কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোই এসব হামলার প্রধান লক্ষ্য ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কুয়েতের সেনাবাহিনী জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে ‘শত্রুতামূলক’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। হামলা প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে কাজ করছে বলেও জানানো হয়েছে। এ ঘটনায় কুয়েতজুড়ে নতুন করে নিরাপত্তা ও আঞ্চলিক উত্তেজনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। খবর আল জাজিরা

এদিকে তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও কমান্ডারের আবাসস্থল লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে বুধবার (২ সেপ্টেম্বর) দাবি করেছে।

এর আগে ইরানি বার্তাসংস্থা আইআরআইবি দাবি করে, কুয়েতে থাকা একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। হামলার পর সেখানে ধোঁয়া উঠতে দেখা গেছে বলেও জানায় তারা। তবে কুয়েতে হামলার বিষয়ে ইরান আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

সম্প্রতি ইরানের লারাক দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপরই উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা শুরু করে তেহরান। এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, জর্ডান ও সৌদি আরবেও হামলা হয়েছে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানে অভিযান শুরুর পর থেকে কুয়েতও ইরানের হামলার অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। দেশটিতে মার্কিন সেনাদের উপস্থিতির কারণেই এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি তেহরানের।

ইরান বলেছে, তাদের লক্ষ্য কুয়েতের সাধারণ মানুষ নয়, বরং দেশটিতে থাকা মার্কিন সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়েত থেকে মার্কিন সেনা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে তেহরান।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers