রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

অনলাইনে যৌন শোষণের শিকার ২ কোটি শিশু

নিউজজি ডেস্ক ৩ সেপ্টেম্বর , ২০২৬, ১২:৫৫:০৯

68
  • সংগৃহীত

ঢাকা: বিশ্বের ২১টি দেশে প্রায় ২ কোটি শিশু এক বছরের মধ্যে অনলাইনে অন্তত এক ধরনের যৌন শোষণ বা নির্যাতনের শিকার হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের (UNICEF) প্রকাশিত নতুন এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনটি তৈরি করা হয়েছে আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা ও পূর্ব ইউরোপের ২১টি দেশের ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে। এতে অংশ নেওয়া শিশুদের প্রায় প্রতি পাঁচজনের একজন জানিয়েছে, অনলাইন প্ল্যাটফর্মে তারা কোনো না কোনো ধরনের যৌন শোষণ বা নির্যাতনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, প্রায় ১ কোটি ৫০ লাখ শিশু অনিচ্ছাকৃতভাবে যৌন বিষয়বস্তুর সংস্পর্শে এসেছে। এছাড়া প্রায় ৯০ লাখ শিশুকে যৌন আলাপ বা ছবি আদান-প্রদানের জন্য চাপ দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রায় ৪০ লাখ শিশুর যৌন ছবি তাদের অনুমতি ছাড়াই অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে।

ইউনিসেফ বলছে, বিশ্বজুড়ে এ ধরনের নির্যাতনের শিকার শিশুর প্রকৃত সংখ্যা কয়েক কোটি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শিশুদের মধ্যে অনেকেই এসব ঘটনা প্রকাশ বা কর্তৃপক্ষকে জানানোর সুযোগ পায় না।

এ ধরনের সবচেয়ে বড় গবেষণাগুলোর একটি হিসেবে প্রতিবেদনটিকে উল্লেখ করেছে ইউনিসেফ। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে ২১টি দেশে প্রায় ২১ হাজার ইন্টারনেট ব্যবহারকারী শিশুর ওপর পরিচালিত জাতীয় প্রতিনিধিত্বশীল জরিপের তথ্য এতে ব্যবহার করা হয়েছে। দেশগুলোর মধ্যে কেনিয়া, পাকিস্তান, ব্রাজিল ও সার্বিয়াও রয়েছে।

যৌন শোষণ ও নির্যাতনের প্রায় ৬০ শতাংশ ঘটনাই ঘটেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এর মধ্যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও টিকটকের নাম এসেছে। এ ছাড়া ১৪ শতাংশ ঘটনা ঘটেছে অনলাইন গেমে।

এ বিষয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটার (Meta) এক মুখপাত্র বলেন, জরিপের তথ্য ২০২০ সাল পর্যন্ত পুরোনো এবং এরপর প্রতিষ্ঠানটি কিশোরদের সুরক্ষায় বেশ কিছু নতুন ব্যবস্থা চালু করেছে। এর মধ্যে কিশোরদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তিগত বা প্রাইভেট রাখা এবং পরিচিত নয় এমন প্রাপ্তবয়স্কদের কাছ থেকে বার্তা আসা ঠেকানোর ব্যবস্থা রয়েছে।

মেটার পক্ষ থেকে আরও বলা হয়, প্রতিষ্ঠানটি হোয়াটসঅ্যাপকে সামাজিক যোগাযোগমাধ্যম নয়, ব্যক্তিগত বার্তা আদান-প্রদানের অ্যাপ হিসেবে বিবেচনা করে।

প্রতিবেদনটিতে নির্যাতনের নির্দিষ্ট কোনো প্রমাণ দেওয়া হয়নি দাবি করে মেটার মুখপাত্র বলেন, শিশু যৌন শোষণ ঠেকাতে প্রতিষ্ঠানটি তাদের সব অ্যাপে কঠোরভাবে কাজ চালিয়ে যাবে। একই সঙ্গে এ ধরনের অপরাধীদের বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা হবে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers