বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ , ৩ জুমাদিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

‘চিকেনস নেকে’ ৪ লেনের মহাসড়ক বানাচ্ছে ভারত

নিউজজি ডেস্ক ৪ সেপ্টেম্বর , ২০২৬, ১৭:১১:২৪

108
  • সংগৃহীত

ঢাকা: ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরে ৩১ কিলোমিটার দীর্ঘ চার লেনের একটি মহাসড়ক নির্মাণে ২ হাজার কোটি রুপি বরাদ্দ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। নতুন সড়কটি জাতীয় মহাসড়ক ২৭-এর একটি অংশের সমান্তরালে নির্মাণ করা হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) টেলিগ্রাফ ইন্ডিয়া জানায়, উত্তর-পূর্বাঞ্চলকে ভারতের বাকি অংশের সঙ্গে যুক্ত করা এই সরু ভূখণ্ডটিই একমাত্র স্থলপথ। নেপাল ও বাংলাদেশের মাঝখানে অবস্থিত এ অঞ্চলটি চীন ও ভুটানের সীমান্তেরও কাছাকাছি। কৌশলগত গুরুত্বের কারণে শিলিগুড়ি করিডোরকে ‘চিকেনস নেক’ নামেও ডাকা হয়।

বৃহস্পতিবার ভারতের সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নিতিন গড়করি এক ফেসবুক পোস্টে জানান, নতুন মহাসড়ক নির্মাণে ২ হাজার ৭৭ কোটি ১৮ লাখ রুপি অনুমোদন দেয়া হয়েছে। পানিটানকি ও খারিবাড়ি হয়ে এটি বাগডোগরা থেকে বিহারের গলগালিয়া পর্যন্ত যাবে।

৩১ দশমিক ০২ কিলোমিটার দীর্ঘ এই সড়কের নাম হবে জাতীয় মহাসড়ক ৩২৭। এটি জাতীয় মহাসড়ক ২৭ থেকে ২০ থেকে ৩০ কিলোমিটার দূরত্ব বজায় রেখে নির্মাণ করা হবে। প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ শিলিগুড়ি করিডোরের সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার। ভারতের অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার জন্য করিডোরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিহারের কিশানগঞ্জ জেলায় গলগালিয়া অবস্থিত। আর দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমায় অবস্থিত পানিটানকি নেপালে যাতায়াতের একটি জনপ্রিয় পথ। নতুন মহাসড়ক প্রকল্পে তিনটি বড় সেতু, একটি সড়ক ওভারব্রিজ, পাঁচটি হাতি চলাচলের ভূগর্ভস্থ পথ এবং মহাসড়কের উভয় পাশে সার্ভিস সড়ক নির্মাণ করা হবে।

সংবাদমাধ্যমটি বলছে, বিশেষ করে ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত সরকার প্রতিরক্ষা স্থাপনা ও অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক যোগাযোগব্যবস্থা বাড়িয়ে শিলিগুড়ি করিডোরকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে।

সম্প্রতি ভারত সরকার বারাণসী থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত উচ্চগতির রেল করিডোর এবং শিলিগুড়ির কাছে ৩৫ কিলোমিটার দীর্ঘ একটি ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের ঘোষণা দিয়েছে। রেল মন্ত্রণালয় মালদাহ থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চতুর্থ রেললাইন স্থাপনের অনুমোদনও দিয়েছে।

কেন্দ্রীয় সরকার বাগডোগরা বিমানবন্দরের অবকাঠামো উন্নয়নেও কাজ করছে। পাশাপাশি আলিপুরদুয়ার জেলার হাসিমারা থেকে বাণিজ্যিক ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। ভারতীয় বিমানবাহিনীর একটি ঘাঁটি রয়েছে হাসিমারায়, যেখানে মোতায়েন আছে দেশটির রাফায়েল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers