রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

ব্রিকস সম্মেলনের আগেই বৈঠকে বসছেন মোদি-পুতিন

নিউজজি ডেস্ক ৯ সেপ্টেম্বর , ২০২৬, ১৬:০০:০৩

123
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন শুরুর এক দিন আগে আগামী শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আগে দুই নেতার বৈঠক এবং সদস্য দেশগুলোর জাতীয় মুদ্রায় পারস্পরিক বাণিজ্যের বিষয়টি নিশ্চিত করেছে মস্কো। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভারতীয় সাংবাদিকদের সঙ্গে এক অনলাইন বৈঠকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেন, ব্রিকস সদস্য দেশগুলোর সঙ্গে রাশিয়ার মোট বাণিজ্যের প্রায় ৯০ শতাংশই এখন নিজ নিজ জাতীয় মুদ্রায় সম্পন্ন হচ্ছে।

ভারত-রাশিয়া সম্পর্কের গুরুত্ব তুলে ধরে পেশকভ বলেন, মোদি ও পুতিনের মধ্যে ঘনিষ্ঠ ব্যক্তিগত যোগাযোগ রয়েছে। তাঁর মতে, দুই নেতা বাস্তববাদী এবং বৈশ্বিক নানা ইস্যুর পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের স্পর্শকাতর বিষয়গুলো নিয়েও খোলামেলা ও গঠনমূলক আলোচনা করতে সক্ষম।

পাশ্চাত্যের নিষেধাজ্ঞার হুমকিতে থাকা ভারতীয় ব্যবসাগুলোর কথা উল্লেখ করে পেশকভ বলেন, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার অনেক বিষয়ই প্রকাশ্যে আলোচনা করা সম্ভব নয়, যা অন্তরালে খুব গভীরভাবে পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, ভারতীয় কোম্পানিগুলো রুশ বাজারে বিনিয়োগ বাড়াতে আগ্রহী এবং মস্কো এটিকে স্বাগত জানায়। একই সঙ্গে রাশিয়ার জ্বালানি তেল সরবরাহে প্রতি মাসেই নতুন রেকর্ড তৈরি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ভারতের অবস্থানকে স্বাগত জানিয়ে ক্রেমলিনের মুখপাত্র বলেন, ‘আমরা ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান চাই এবং রাশিয়া এই প্রক্রিয়ায় উন্মুক্ত। আমরা কখনও এই যুদ্ধ চাইনি’। একই সঙ্গে তিনি যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টা এবং মস্কো ও কিয়েভের মধ্যে মধ্যস্থতার উদ্যোগকেও স্বাগত জানান।

রুশ সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের অন্তর্ভুক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত সরকার যে তালিকা চেয়েছিল, সে বিষয়ে পেশকভ বলেন, যুদ্ধের ময়দানে থাকা ভারতীয়দের চিহ্নিত করে যত দ্রুত সম্ভব স্বদেশে ফেরত পাঠানোর কাজ চলছে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers