রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০০ ডলার

নিউজজি ডেস্ক ৯ সেপ্টেম্বর , ২০২৬, ১৬:৪১:০৯

74
  • ছবি : সংগৃহীত

ঢাকা: মধ্যপ্রাচ্যে নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে। সৌদি আরব ও ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের মধ্যে হামলা-পাল্টা হামলার প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। গত ২৪ জুলাইয়ের পর বুধবারই প্রথমবারের মতো জ্বালানি তেলের দাম শত ডলারের সীমা অতিক্রম করে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টা ২১ মিনিটে আন্তর্জাতিক বাজারের মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ২.১৫ ডলার বা ২.২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০.০৭ ডলারে পৌঁছায়। একই সময়ে মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দাম ১.৭০ ডলার বা ১.৮৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪.৭৩ ডলারে দাঁড়ায়।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও বিস্তৃত হলে তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়তে পারে, যা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে আরও অস্থিরতা তৈরি করতে পারে।

চলতি সপ্তাহের শুরুর দিকে বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের একাধিক কৌশলগত জ্বালানি স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে তেলের প্রধান স্থাপনাগুলোতে বড় ধরনের আগুন ধরে যায়, যা আঞ্চলিক এই যুদ্ধকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে।

রাইস্ট্যাড এনার্জির তথ্য থেকে দেখা যায় যে, গত ৩০ আগস্ট যুদ্ধ পুনরায় শুরু হওয়ার আগের সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন আনুমানিক ৮০ লাখ থেকে ৯০ লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়েছিল, যা তার আগের সপ্তাহের তুলনায় প্রায় দ্বিগুণ। তবে, সম্প্রতি এই কৌশলগত সমুদ্রপথ দিয়ে তেল চলাচল প্রতিদিন ২০ লাখ ব্যারেলের নিচে নেমে এসেছে।

আন্তর্জাতিক জ্বালানি বাজারে হঠাৎ যোগান ঘাটতির তীব্র ঝুঁকিতে গোল্ডম্যান স্যাকস, ব্যাংক অব আমেরিকা এবং এইচএসবিসিসহ বিশ্বের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সংস্থাগুলো অপরিশোধিত তেলের ভবিষ্যত দর সম্পর্কিত তাদের আগের পূর্বাভাস সংশোধনের মাধ্যমে বাড়িয়ে দিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের একটি স্থায়ী সমাধানের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হওয়ায় আগস্টের শুরু থেকে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে। চলতি বছরের গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরু হওয়ার পর ৩০ এপ্রিল ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম এক পর্যায়ে বেড়ে ব্যারেল প্রতি ১২৬.৪১ ডলারে পৌঁছেছিল। সূত্র: আল জাজিরা

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers