শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ , ৪ জুমাদিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

সুইডেনের নির্বাচনে এগিয়ে মধ্য-বামপন্থি জোট

নিউজজি ডেস্ক ১৪ সেপ্টেম্বর , ২০২৬, ১৭:১১:৫৩

86
  • ছবি : সংগৃহীত

ঢাকা: সুইডেনের নির্বাচনে অধিকাংশ ভোট গণনা শেষ হওয়ার পর সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে মধ্য-বামপন্থি জোট। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ক্ষমতাসীন ডানপন্থি জোটের তুলনায় তারা মাত্র তিনটি আসনে এগিয়ে আছে।

গত চার বছর ধরে সুইডেনের রাজনীতিতে ডানপন্থার প্রভাব বাড়ছিল। একসময় ইউরোপের অভিবাসনবান্ধব দেশ হিসেবে পরিচিত সুইডেন সাম্প্রতিক সময়ে তুলনামূলক কঠোর আশ্রয়নীতি গ্রহণ করেছে। চূড়ান্ত ফলাফলে মধ্য-বামপন্থি জোট জয়ী হলে দেশটির এই রাজনৈতিক ধারায় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বামঘেঁষা দলগুলোর নেতৃত্ব দিচ্ছেন সোশ্যাল ডেমোক্র্যাটস দলের নেতা ম্যাগদালেনা অ্যান্ডারসন। নির্বাচন কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, ৩৪৯ আসনের পার্লামেন্টে তাদের জোট ১৭৬টি আসন পেতে পারে। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেরসনের নেতৃত্বাধীন ডানপন্থি জোটের আসন হতে পারে ১৭৩টি।

স্থানীয় সময় রোববার রাতে প্রাথমিক ফলাফল ঘোষণার পর সমর্থকদের উদ্দেশে অ্যান্ডারসন বলেন, ‘এই ফলাফল যদি বহাল থাকে, তাহলে সুইডেন একটি নতুন সরকার পাবে।’

২০২২ সালের নির্বাচনে বুথফেরত জরিপে শুরুতে মধ্য-বামপন্থি জোট সামান্য ব্যবধানে এগিয়ে ছিল। কিন্তু চূড়ান্ত ফলাফলে তারা হেরে যায়। তাই এবারের নির্বাচনে নিজেদের জয়ী দাবি করার ক্ষেত্রে সতর্ক অবস্থানে আছেন নেতারা।

মধ্য-বামপন্থিরা যদি জিতেও যায় তাহলে সরকার গঠনে কিছুটা সময় লাগতে পারে। এ প্রক্রিয়ায় সোশ্যাল ডেমোক্র্যাটদের সঙ্গে আর কোন কোন দল থাকবে তা এখনো স্পষ্ট নয়। সুইডিশ টেলিভিশনকে স্পিকার আন্দ্রেয়াস নরলেন বলেছেন, সরকার গঠনের প্রক্রিয়াটি বেশ জটিল হতে পারে।

নির্বাচনের ফলাফল দেশটির পশ্চিম ও ইউক্রেনপন্থি অবস্থানে বড় কোনো পরিবর্তন আনবে বলেও মনে হচ্ছে না। অভিবাসন ও আর্থিক নীতিতে প্রভাব কেমন হবে, সেটিও এখনো স্পষ্ট নয়। সূত্র: রয়টার্স

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers