বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ , ১ জুমাদাউস সানি ১৪৪৮

বিদেশ

এ বছর কি নোবেল পুরস্কার পাবেন ট্রাম্প?

নিউজজি ডেস্ক ৫ অক্টোবর , ২০২৬, ১৬:৪৭:২৩

112
  • ছবি : সংগৃহীত

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি এ বছর নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন—এ নিয়ে চলছে আলোচনা। কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের পক্ষ থেকে তাকে এ পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। ট্রাম্প নিজেও নোবেল পাওয়ার ক্ষেত্রে নিজেকে অন্যতম যোগ্য দাবিদার বলে মনে করেন।

তবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার কারণে চলতি বছর ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে। আগামী ৯ অক্টোবর এ বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা হওয়ার কথা।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বিজয়ী নির্বাচনের প্রক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্টকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও চাপের বিষয়টি স্পষ্টভাবেই আলোচনায় রয়েছে। খবর রয়টার্স।

গত বছর ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদোকে শান্তিতে নোবেল দেওয়ার ঘটনাটি পুরস্কারটির ১২৫ বছরের ইতিহাসে নজিরবিহীন ছিল। ট্রাম্প পুরস্কারটি পেতে তীব্র লবিং করেছিলেন। কিন্তু নিজে জিততে না পারলেও তিনি ভেনেজুয়েলার মাচাদোকে প্রভাবিত করেন। এমনকি মাচাদো তার নোবেল স্বর্ণপদকটি ট্রাম্পের হাতে তুলে দেন।

অসলোর পিস রিসার্চ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক হাকন গেরলো জানান, পাঁচ সদস্যের নোবেল কমিটি এবার এমন কাউকে বেছে নিতে পারে যিনি ট্রাম্পের চাপ সহ্য করতে সক্ষম। ট্রাম্পের নীতির বিপরীতে দাঁড়িয়ে উদার গণতন্ত্র, মানবাধিকার ও আন্তর্জাতিক আইন রক্ষার স্বীকৃতি হিসেবে এবার পুরস্কারের লড়াইয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি), আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে), ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ কিংবা পোপ লিওর নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে।

অন্যদিকে ট্রাম্পকে কোনোভাবেই চটাতে না চাইলে নোবেল কমিটি এবার সম্পূর্ণ অরাজনৈতিক ও নিরাপদ কোনো পথ বেছে নিতে পারে বলেও ধারণা করছেন অনেকে। সেক্ষেত্রে গৃহযুদ্ধপীড়িত সুদানের তৃণমূল দাতব্য নেটওয়ার্ক ‘ইমার্জেন্সি রেসপন্স রুমস’ অথবা যুদ্ধকবলিত শিশুদের সহায়তাকারী আন্তর্জাতিক সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’ পুরস্কারটি পেতে পারে। এদিকে নোবেল কমিটির ওপর ট্রাম্পের অব্যাহত চাপের কঠোর সমালোচনা করেছেন নোবেলজয়ী ফিলিপিনো সাংবাদিক মারিয়া রেসা।

তিনি বলেন, পেশিশক্তি দিয়ে পৃথিবী পরিচালিত হতে পারে না এবং নোবেলের মতো মর্যাদাপূর্ণ পুরস্কারকে কোনো চাপের মুখে নতিস্বীকার করা উচিত নয়।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers