বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ , ১ জুমাদাউস সানি ১৪৪৮

বিদেশ

ভারতে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটক

নিউজজি ডেস্ক ৭ অক্টোবর , ২০২৬, ১০:৩৪:৪৪

115
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি থেকে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাসহ বিরোধী জোটের কয়েকজন নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টার দিকে তাদের আটক করা হয়। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পার্লামেন্ট থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তর ‘নির্বাচন সদন’ অভিমুখে মিছিল করেন ইন্ডিয়া জোটের নেতাকর্মীরা। পরে তারা আকাশবাণী ভবনের প্রাঙ্গণে অবস্থান নেন।

প্রায় ৯ ঘণ্টা অবস্থানের পর পুলিশ সেখানে অভিযান চালিয়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন নেতাকে আটক করে। পরে তাদের একটি বাসে তুলে নেওয়া হয়। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক নেতাদের উত্তর দিল্লির কিংসওয়ে ক্যাম্প থানায় নেওয়া হচ্ছিল।

ভিডিওতে দেখা যায়, কংগ্রেস কর্মীরা বাধা দেয়ার চেষ্টা করলেও পুলিশ সদস্যরা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে টেনে নিয়ে যাচ্ছেন।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এ ‘অনিয়ম’ এবং প্রধান নির্বাচন কমিশনারের কথিত ‘একতরফা’ সিদ্ধান্তের অভিযোগে এই বিক্ষোভের আয়োজন করে ইন্ডিয়া জোট। এ সময় বিপুলসংখ্যক বিরোধী নেতা ও দলীয় কর্মী অংশ নেন।

আটকের আগে আকাশবাণী ভবনে সাংবাদিকদের রাহুল গান্ধী বলেন, ‘নির্বাচন কমিশনের কার্যালয় মাত্র ৫০ মিটার দূরে। কিন্তু আমাদের সেখানে যেতে দেয়া হয়নি। সমস্যাটা কী, আমি বুঝতে পারছি না। নির্বাচন কমিশনের কাজ হলো সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা। অন্তত ৩০০ জন সংসদ সদস্য জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে চান। কিন্তু তিনি ভয় পাচ্ছেন। দেশে কী হচ্ছে, আমি জানি না।’

তিনি আরও বলেন, ‘জনগণের প্রতিনিধিরাই যদি নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে না পারেন, তাহলে গণতন্ত্রের অর্থ কী?’

সন্ধ্যায় আটকের আগে কংগ্রেস সূত্র জানায়, প্রধান নির্বাচন কমিশনার এবং দুই নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে দলটির পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছিল।

কংগ্রেসের এক সূত্রের দাবি, নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তা এসে আগামী এক-দুই দিনের মধ্যে বৈঠকের নিশ্চয়তা দিলে রাহুল গান্ধী অবস্থান কর্মসূচি প্রত্যাহার করতে পারেন। তবে তার শর্ত হলো, বৈঠকে ৩০০ জন সংসদ সদস্যই অংশ নেবেন।

মঙ্গলবার এর আগেও রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করা হয়েছিল। দুপুরের দিকে তাদের অল্প সময়ের জন্য একটি পুলিশ বাসে উঠতে বাধ্য করা হয়। পরে তাদের বাস থেকে নামতে দেখা যায়। সূত্র: এনডিটিভি

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers