শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

বিদেশ

হরমুজে ৪ তেল ট্যাঙ্কার ধ্বংসের দাবি ইরানের

নিউজজি ডেস্ক ৪ নভেম্বর , ২০২৬, ১৪:৩৪:১১

63
  • ছবি : সংগৃহীত

ঢাকা: হরমুজ প্রণালির দক্ষিণে নিষিদ্ধ ঘোষিত নৌপথে প্রবেশের চেষ্টা করতে গিয়ে নৌমাইনের বিস্ফোরণে চারটি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, বিস্ফোরণের পর ট্যাঙ্কারগুলোতে আগুন ধরে যায়। এ ছাড়া নৌ চলাচলে নিষেধাজ্ঞা অমান্য করায় আরও দুটি জলযান আটক করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে হরমুজ প্রণালির আকাশে একটি মার্কিন নির্মিত এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী। আইআরজিসির দাবি, এ নিয়ে তাদের ভূপাতিত করা উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬টিতে।

বিবৃতিতে বলা হয়, আইআরজিসির নৌ ও মহাকাশ বাহিনী এই অভিযানগুলো পরিচালনা করেছে যা ‘শত্রুর ওপর ভারী আঘাত’ হেনেছে।

ইরানি বাহিনী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ‘চূড়ান্ত আঘাত’ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলে বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।

হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ এবং সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উত্তেজনার মধ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কাতার মধ্যস্থতা অব্যাহত রাখার সময় এই ঘটনা ঘটল।

সোমবার ইরান জানিয়েছিল, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বার্তা বিনিময় এখনো চলছে এবং জলপথটি পুনরায় উন্মুক্ত করা ওয়াশিংটনের অবরোধ অবসানের ওপর নির্ভর করছে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে আক্রমণ শুরু করে, যার জবাবে এপ্রিলে যুদ্ধবিরতি অর্জিত হওয়ার আগে অঞ্চলের মার্কিন সম্পদ ও ইসরায়েলের ওপর পাল্টা আঘাত হানে তেহরান।

পরবর্তীতে ১৮ জুন ওয়াশিংটন ও তেহরান হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করলেও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত মতবিরোধের কারণে এর বাস্তবায়ন থমকে যায়।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers