বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ , ১ জুমাদাউস সানি ১৪৪৮

বিদেশ

পাঁচ কৃষ্ণাঙ্গ গভর্নরে নতুন ইতিহাস যুক্তরাষ্ট্রে

নিউজজি ডেস্ক ৫ নভেম্বর , ২০২৬, ১০:৫৮:৫৮

177
  • ছবি : সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বেশ কয়েকটি নজিরবিহীন ঘটনা ঘটেছে। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো একই সময়ে পাঁচজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি গভর্নরের দায়িত্ব নিতে যাচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর এবং নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ রিপাবলিকান গভর্নর। এ ছাড়া কয়েকটি অঙ্গরাজ্যেও প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ প্রার্থীরা গভর্নর নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ও আটলান্টার সাবেক মেয়র কেইশা ল্যান্স বটমস। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হিসেবে নতুন অধ্যায় রচনা করবেন।

অন্যদিকে, ফ্লোরিডায় রিপাবলিকান প্রার্থী ও কংগ্রেস সদস্য বায়রন ডোনাল্ডস গভর্নর নির্বাচিত হয়েছেন। তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ রিপাবলিকান গভর্নর। একই সঙ্গে ফ্লোরিডার ইতিহাসে অঙ্গরাজ্যজুড়ে কোনো নির্বাচনে জয়ী প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবেও রেকর্ড গড়েছেন তিনি। বুধবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর স্টেটলাইনে

নেভাডায় ডেমোক্র্যাট প্রার্থী অ্যারন ফোর্ড এবং উইসকনসিনে ডেভিড ক্রাউলি গভর্নর নির্বাচিত হয়েছেন। উভয় অঙ্গরাজ্যেই এই প্রথম কোনো কৃষ্ণাঙ্গ ব্যক্তি গভর্নরের দায়িত্ব নিতে যাচ্ছেন। তারা জর্জিয়ার বটমস ও ফ্লোরিডার ডোনাল্ডসের সঙ্গে যোগ দেবেন। এ ছাড়া মেরিল্যান্ডের কৃষ্ণাঙ্গ ডেমোক্র্যাট গভর্নর ওয়েস মুরও পুনর্নির্বাচিত হয়েছেন। ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো একই সময়ে পাঁচজন কৃষ্ণাঙ্গ গভর্নর দায়িত্ব পালন করবেন।

এর আগে যুক্তরাষ্ট্রে গভর্নরের দায়িত্ব পালন করা একমাত্র কৃষ্ণাঙ্গ রিপাবলিকান ছিলেন পিনকনি বেন্টন স্টুয়ার্ট পিঞ্চব্যাক। তবে তিনি নির্বাচিত হননি; ১৮৭২ সালে পুনর্গঠন যুগে লুইজিয়ানার গভর্নরের দায়িত্ব পান।

আরও যেসব ইতিহাস:

এবারের নির্বাচনে শুধু কৃষ্ণাঙ্গ রাজনীতিকদের ক্ষেত্রেই নয়, অন্য কয়েকটি জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের ক্ষেত্রেও নতুন ইতিহাস তৈরি হয়েছে।

নিউ মেক্সিকোতে ডেমোক্র্যাট প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডেব হালান্ড গভর্নর নির্বাচিত হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম আদিবাসী নারী গভর্নর হতে যাচ্ছেন। তিনি লাগুনা পুয়েবলো জনগোষ্ঠীর সদস্য। তাঁর জয়ের মধ্য দিয়ে নিউ মেক্সিকো হবে দ্বিতীয় অঙ্গরাজ্য, যার গভর্নর আদিবাসী জনগোষ্ঠীর সদস্য। এর আগে ওকলাহোমায় আদিবাসী জনগোষ্ঠীর সদস্যরা গভর্নরের দায়িত্ব পালন করেছেন।

ওহাইওতে ডেমোক্র্যাট প্রার্থী চিকিৎসক অ্যামি অ্যাকটন প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে তার জয়ের মধ্য দিয়ে দুই দশক পর অঙ্গরাজ্যটিতে ডেমোক্র্যাটরা গভর্নরের দায়িত্ব নিতে যাচ্ছে।

টেক্সাসেও ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসা। তিনি অঙ্গরাজ্যটির প্রথম নারী লাতিনা গভর্নর হতে যাচ্ছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় হিস্পানিক নারী গভর্নর হবেন তিনি। নির্বাচনে রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে পরাজিত করেছেন হিনোজোসা।

এর আগে নিউ মেক্সিকোতে দুজন হিস্পানিক নারী গভর্নরের দায়িত্ব পালন করেছেন। তাঁরা হলেন বর্তমান ডেমোক্র্যাট গভর্নর মিশেল লুজান গ্রিশাম এবং সাবেক রিপাবলিকান গভর্নর সুসানা মার্টিনেজ।

গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়জয়কার: এবারের মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের বুধবার বেলা ১১টার (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) হিসাব অনুযায়ী, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোর মধ্যে ডেমোক্র্যাটরা ২২টিতে এবং রিপাবলিকানরা ১২টিতে জয় পেয়েছে। আলাস্কা ও কানসাসের ফল তখনো ঘোষণা করা হয়নি।

এর মধ্য দিয়ে ১৬ বছর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঙ্গরাজ্যের গভর্নরের দায়িত্ব পেতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। গত ১৬ বছর ধরে গভর্নর ও অঙ্গরাজ্যের আইনসভাগুলোর অধিকাংশ নিয়ন্ত্রণে রেখেছিল রিপাবলিকানরা। এবারের নির্বাচনে সেই রাজনৈতিক চিত্রে বড় পরিবর্তন এসেছে।

 

নিউজজি/এস আর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers