বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ , ১ জুমাদাউস সানি ১৪৪৮

বিদেশ

থাইল্যান্ডে কেএফসি খেলেই বাড়ে রোগীর চাপ!

নিউজজি ডেস্ক ৫ নভেম্বর , ২০২৬, ১১:৩৪:১৭

73
  • ছবি : সংগৃহীত

ঢাকা: থাইল্যান্ডের চিকিৎসকদের মধ্যে দীর্ঘদিন ধরে একটি অদ্ভুত কুসংস্কার প্রচলিত রয়েছে। তাঁদের ধারণা, হাসপাতালে দায়িত্ব পালনের সময় কেএফসি (কেন্টাকি ফ্রায়েড চিকেন) খেলে হঠাৎ করেই রোগীর সংখ্যা বেড়ে যায়। এমনকি দায়িত্ব শুরুর আগে কোনো সহকর্মী কেএফসি খেলে অন্য চিকিৎসকেরা বিরক্তিও প্রকাশ করেন। বিষয়টি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে কোনো বাস্তব কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে এবার গবেষণায় নেমেছেন দেশটির কয়েকজন চিকিৎসক।

বুধবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, থাইল্যান্ডের চিকিৎসকদের মধ্যে প্রায় এক দশক ধরে এই অদ্ভুত বিশ্বাস চালু রয়েছে। খবর নিউইয়র্ক টাইমস  

তবে এই কুসংস্কারের উৎপত্তি কখন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। চিকিৎসকদের ধারণা, রাতের শিফটে দায়িত্ব পালনের সময় সহজে পাওয়া যায় বলে তাঁরা প্রায়ই কেএফসি খেতেন। কোনো কোনো রাতে এই খাবার খাওয়ার পর কাকতালীয়ভাবে জরুরি রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার ঘটনা থেকেই এমন ধারণার জন্ম হতে পারে। পরবর্তী সময়ে চিকিৎসকদের মধ্যে মুখে মুখে ছড়িয়ে পড়ে এই বিশ্বাস।

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের ফাত্থালুং হাসপাতালের চিকিৎসক ডা. থানাত তান্তিনামের নেতৃত্বে ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত এ বিষয়ে একটি নিয়ন্ত্রিত গবেষণা চালানো হয়। এতে পাঁচজন সাধারণ শল্যচিকিৎসকের ৩৪৫টি দায়িত্ব পালনের পালা বা শিফট পর্যবেক্ষণ করা হয়।

গবেষণায় চিকিৎসকদের তিনটি দলে ভাগ করা হয়। প্রথম দল দায়িত্ব পালনের আগে কেএফসি খেয়েছেন। দ্বিতীয় দল স্থানীয় ব্র্যান্ড ফাইভ স্টার চিকেনের খাবার খেয়েছেন। আর তৃতীয় দল কোনো খাবার খাননি। দায়িত্ব পালনের সময় কতজন রোগী এসেছেন, কতটি অস্ত্রোপচার করতে হয়েছে, রোগীদের সঙ্গে কতবার পরামর্শ করতে হয়েছে এবং অস্ত্রোপচারে কতটা রক্তক্ষরণ হয়েছে, সেসব বিষয় পর্যবেক্ষণ করা হয়।

গবেষণার প্রাথমিক বিশ্লেষণে ৩১৩টি শিফটের তথ্য বিবেচনায় নেয়া হয়। এতে দেখা যায়, কেএফসি খাওয়া চিকিৎসকদের প্রতি শিফটে রোগী সামলানোর মধ্যম সংখ্যা ছিল ১৬। অন্যদিকে স্থানীয় ব্র্যান্ডের খাবার খাওয়া এবং কোনো খাবার না খাওয়া চিকিৎসকদের ক্ষেত্রে এ সংখ্যা ছিল ১৪। তবে পরিসংখ্যানগতভাবে এই পার্থক্য তাৎপর্যপূর্ণ নয়। অস্ত্রোপচারের সংখ্যা, রক্তক্ষরণ কিংবা অস্ত্রোপচারে ব্যয় করা সময়ের ক্ষেত্রেও উল্লেখযোগ্য কোনো পার্থক্য পাওয়া যায়নি।

অর্থাৎ, কেএফসি খেলে দায়িত্বের সময় রোগীর চাপ বেড়ে যায়, এমন ধারণার পক্ষে গবেষণায় কোনো প্রমাণ মেলেনি। বরং গবেষণায় অংশ নেওয়ার পর পাঁচ চিকিৎসকের প্রত্যেকের মধ্যেই এই কুসংস্কারে বিশ্বাস এক ধাপ করে কমেছে।

গবেষণাটি চিকিৎসাবিষয়ক সাময়িকী অ্যানালস অব সার্জারি ওপেন-এ প্রকাশিত হয়েছে। গবেষকদের মতে, দীর্ঘদিন ধরে প্রচলিত এমন কুসংস্কার দূর করতে বৈজ্ঞানিক পরীক্ষা ও বাস্তব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও একটি মজার তথ্য হলো, থাইল্যান্ডে কেএফসি কর্তৃপক্ষও এই কুসংস্কারের কথা জানে। দেশটিতে হাসপাতালের কাছাকাছি শাখাগুলোতে বিশেষ প্যাকেট ব্যবহারের মাধ্যমে ‘কেএফসি কার্স’ বা কেএফসির অভিশাপ দূর করার ধারণাকে বিপণন প্রচারণায় কাজে লাগানো হয়েছিল।

সব মিলিয়ে, চিকিৎসকদের মধ্যে দীর্ঘদিনের প্রচলিত এই বিশ্বাসের বৈজ্ঞানিক পরীক্ষা শেষ পর্যন্ত দেখিয়েছে, কেএফসি খাওয়ার সঙ্গে অস্ত্রোপচারের চাপ বৃদ্ধির কোনো প্রমাণিত সম্পর্ক নেই।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers