বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ , ১ জুমাদাউস সানি ১৪৪৮

বিদেশ

ফ্রান্সজুড়ে বিক্ষোভের ডাক, মাঠে নামছেন ৭ লাখ মানুষ

নিউজজি ডেস্ক ৫ নভেম্বর , ২০২৬, ১৪:৫৭:৩৪

84
  • ছবি : সংগৃহীত

ঢাকা: জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভের আয়োজন করা হয়েছে। এতে প্রায় ৭ লাখ ৮০ হাজার মানুষ অংশ নিতে পারেন বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। বিক্ষোভ ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দেশজুড়ে ৭০ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনী জেন্ডারম সদস্য মোতায়েন করেছে কর্তৃপক্ষ। খবর আনাদোলু এজেন্সির।

ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত আন্তঃইউনিয়ন জোটের পূর্বাভাস অনুযায়ী, প্যারিসের বাইরে বিক্ষোভে ৫ লাখ থেকে ৭ লাখ মানুষ অংশ নিতে পারেন। অন্যদিকে, রাজধানী প্যারিসে বিক্ষোভকারীর সংখ্যা ৪০ হাজার থেকে ৮০ হাজারের মধ্যে থাকতে পারে।

এই কর্মসূচিতে শ্রমিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, অবসরপ্রাপ্ত ব্যক্তি, ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মী এবং মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ নেওয়ার কথা রয়েছে। বিক্ষোভকারীদের মূল দাবি বেতন বৃদ্ধি এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণ।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আন্দোলনের সূচনা হয়। পরে জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত হন।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বুধবার জানিয়েছেন, বিক্ষোভ ঘিরে নিরাপত্তাব্যবস্থা গত ৩১ অক্টোবরের বিক্ষোভের সময় নেওয়া ব্যবস্থার মতোই রাখা হবে।

তিনি জানান, নিরাপত্তার দায়িত্বে ২৬টি সাঁজোয়া যান, প্রায় ১৫টি জলকামান, হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিট বিআরআই, রেইড  এবং জিআইজিএন-এর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

নুনেজ বলেন, বিক্ষোভকারীদের জন্য যতটা সম্ভব নিরাপদ চলাচলের পথ নিশ্চিত করাই এ নিরাপত্তাব্যবস্থার মূল লক্ষ্য। একই সঙ্গে শহরের কেন্দ্রস্থলসহ স্পর্শকাতর এলাকাগুলো এড়িয়ে চলার ব্যবস্থা করা হবে।

প্যারিসে বিক্ষোভের রুট নিয়ে বিরোধ

প্যারিসে বিক্ষোভের নির্ধারিত পথ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। আয়োজকরা পুলিশের প্রস্তাবিত বিক্ষোভের রুটের বিরুদ্ধে আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তবে প্রশাসনিক আদালত পুলিশের দেওয়া রুট বহাল রেখেছেন।

পুলিশের নির্ধারিত পথ অনুযায়ী, বিক্ষোভকারীরা প্লাস দ্য লা রিপাবলিক থেকে প্লাস দ্য লা নাসিওঁ পর্যন্ত মিছিল করবেন।

এর আগে শ্রমিক ইউনিয়ন ও শিক্ষার্থী সংগঠনগুলো প্লাস দ্য লা বাস্তিল থেকে জাতীয় পরিষদের কাছাকাছি প্লাস দ্য লা কনকর্ড পর্যন্ত মিছিল করার প্রস্তাব দিয়েছিল।

তবে রাজধানীতে সামাজিক উত্তেজনা বৃদ্ধি এবং গত ১৭ অক্টোবরের অস্থিরতার কথা উল্লেখ করে পুলিশ ওই প্রস্তাবিত রুটে বিক্ষোভের অনুমতি দেয়নি। পরে বিকল্প রুট নির্ধারণ করা হয়।

বিক্ষোভের পাশাপাশি দেশজুড়ে ধর্মঘটের কারণে পরিবহণব্যবস্থায়ও বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফ্রান্সের জাতীয় রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান এসএনসিএফ জানিয়েছে, আঞ্চলিক ট্রেন চলাচলে মাঝারি থেকে তীব্র মাত্রার বিঘ্ন ঘটতে পারে। প্যারিসের আশপাশের কয়েকটি শহরতলির রেললাইনেও ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে দূরপাল্লার ট্রেন চলাচলে তুলনামূলক কম প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। তারপরও উচ্চগতির টিজিভি ট্রেনের প্রতি ১০টির মধ্যে একটি বাতিল করা হতে পারে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers