বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ , ১ জুমাদাউস সানি ১৪৪৮

বিদেশ

হরমুজে ২ জাহাজে আগুন, কাতারে ট্যাংকারে হামলা

নিউজজি ডেস্ক ৫ নভেম্বর , ২০২৬, ১৬:৪৩:২৫

100
  • ছবি : সংগৃহীত

ঢাকা: হরমুজ প্রণালিতে পৃথক দুর্ঘটনায় দুটি তেলবাহী জাহাজ ও একটি টাগবোটে আগুন লাগার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। অন্যদিকে, কাতারের উপকূলে অজ্ঞাত দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি তেলবাহী ট্যাংকার। এসব ঘটনার পর হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আইআরজিসি জানায়, হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টা করার সময় পৃথক ঘটনায় দুটি তেলবাহী জাহাজ ও একটি টাগবোটে আগুন ধরে যায়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনায় প্রকাশিত এক বিবৃতিতে রেভল্যুশনারি গার্ড জানায়, বুধবার (৪ নভেম্বর) রাতে প্রণালির দক্ষিণ অংশে নির্ধারিত পথের বাইরে চলাচলের সময় একটি বড় তেলবাহী জাহাজ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। খবর আনাদোলুর

বিবৃতিতে বলা হয়, এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং সেটি থেমে যায়। আরেকটি পৃথক ঘটনায় প্রণালির পূর্ব অংশে নির্ধারিত পথ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় আরেকটি সুপারট্যাংকারে আগুন ধরে যায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আগুন নেভাতে সহায়তার জন্য এগিয়ে আসা একটি টাগবোটেও আগুন ধরে যায় বলে জানায় রেভল্যুশনারি গার্ড। এছাড়া রেভল্যুশনারি গার্ড জানায়, তাদের নৌবাহিনীর ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট লুকাস-ধরনের দুটি ‘অনুপ্রবেশকারী’ উড়োজাহাজের ‘নিয়ন্ত্রণ নিয়েছে’।

রেভল্যুশনারি গার্ডের দাবি, হরমুজ প্রণালির ওপর তাদের নৌবাহিনীর নিয়ন্ত্রণ অব্যাহত রয়েছে। তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছে, ‘জাহাজগুলোকে বিধিনিষেধ লঙ্ঘন করে মাইন পাতা পথে চলাচলে উৎসাহিত করছে’ ওয়াশিংটন। এর ফলে যে ক্ষয়ক্ষতি হবে, তা ‘যুক্তরাষ্ট্রের করদাতা ও আঞ্চলিক মিত্রদের ওপর বিপুল বিমা ব্যয়ের বোঝা চাপাবে’।

রেভল্যুশনারি গার্ড সতর্ক করে বলেছে, প্রণালিতে চলাচলের নিয়ম লঙ্ঘনের চেষ্টা ‘ওয়াশিংটনের আরও আর্থিক ক্ষতি ও রাজনৈতিক বিপর্যয় ডেকে আনবে’।

এদিকে কাতারের উপকূলে অজ্ঞাত দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা (ইউকেএমটিও)। এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, মদিনাত আশ শামালের প্রায় ৫০ নটিক্যাল মাইল (৯৩ কিলোমিটার) উত্তরে এ ঘটনা ঘটে।

সংস্থাটি জানায়, জাহাজের নাবিকদের অবস্থা, জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাতের পর সামুদ্রিক উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে এ ঘটনা ঘটল।

প্রসঙ্গত, ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। উপসাগরীয় দেশগুলো থেকে আন্তর্জাতিক বাজারে বিপুল পরিমাণ তেল ও গ্যাস রপ্তানি হয় এই পথ দিয়ে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরে এপ্রিলে যুদ্ধবিরতি হয়। যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা থমকে যাওয়ার মধ্যে জুলাইয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আবারও লড়াই শুরু হয়।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers