বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ , ১ জুমাদাউস সানি ১৪৪৮

বিদেশ

ট্রাম্পকে কোনঠাসা করতে কোমড় বেঁধে নামছে ডেমোক্র্যাটরা

নিউজজি ডেস্ক ৫ নভেম্বর , ২০২৬, ১৯:০৮:১৮

87
  • ট্রাম্পকে কোনঠাসা করতে কোমড় বেঁধে নামছে ডেমোক্র্যাটরা

ঢাকা: যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি। আগামী ৩ জানুয়ারি থেকে নতুন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কাজ শুরু করবে দলটি। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ওপর নজরদারি ও চাপ তৈরির বড় সুযোগ পাবে তারা।

গত দুই বছর কংগ্রেসে সংখ্যালঘু অবস্থানে থাকায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের কার্যকর পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল সীমিত। তারা বিভিন্ন বিষয়ে চিঠি পাঠিয়ে প্রতিবাদ জানিয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেসব চিঠি উপেক্ষা করেছেন প্রেসিডেন্ট ও তার সহযোগীরা।

কিন্তু এবার পরিস্থিতি বদলাচ্ছে। নতুন কংগ্রেসে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা প্রায় ২৬০ হতে পারে। দলটির লক্ষ্য দুটি—সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং ট্রাম্পের ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।

তবে সংখ্যাগরিষ্ঠতা পেলেও বড় ধরনের আইন পাস করার মতো আসনসংখ্যা তাদের নেই। ফলে ট্রাম্পের ভেটো ঠেকানো কঠিন হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডেমোক্র্যাটদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। এর মাধ্যমে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্যও নিজেদের অবস্থান শক্ত করতে চায় দলটি।

 

স্বাস্থ্যসেবা ও শুল্কনীতি নিয়ে প্রথম লড়াই

প্রতিনিধি পরিষদের সম্ভাব্য স্পিকার হাকিম জেফরিসের সামনে প্রথম বড় কাজ হবে স্বাস্থ্যসেবা খাতে রিপাবলিকানদের কাটছাঁট করা অর্থ ফিরিয়ে আনার চেষ্টা।

বিশেষ করে নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা কর্মসূচি মেডিকেইড এবং ওবামাকেয়ার বিমা বাজারের ভর্তুকি পুনর্বহাল করতে চায় ডেমোক্র্যাটরা।

এ ছাড়া ইরান যুদ্ধ বন্ধ করা এবং ট্রাম্পের আরোপ করা শুল্ক প্রত্যাহারের উদ্যোগ নেবে দলটি। এ জন্য ‘এন্ড ট্রাম্পস ট্যারিফ ট্যাক্স অ্যাক্ট’ নামে একটি বিল আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কানাডার ওপর আরোপিত শুল্কসহ বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে নেয়া বিভিন্ন শুল্ক প্রত্যাহার করতে চায় তারা।

তবে এসব উদ্যোগের বেশিরভাগই আইনে পরিণত হওয়ার সম্ভাবনা কম। কারণ, ট্রাম্প চাইলে কোনো বিলে ভেটো দিতে পারবেন।

ডেমোক্র্যাটদের মূল লক্ষ্য হবে এসব উদ্যোগের মাধ্যমে ট্রাম্পের নীতির বিরোধিতা করা এবং ভোটারদের সামনে নিজেদের অগ্রাধিকার তুলে ধরা।

 

বাজেট নিয়ে দর-কষাকষির সুযোগ

ট্রাম্প প্রশাসনের ওপর চাপ তৈরির ক্ষেত্রে কংগ্রেসের হাতে গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার রয়েছে। সেটি হলো সরকারি বাজেট।

যুক্তরাষ্ট্রের সরকারি অর্থায়নের বর্তমান মেয়াদ শেষ হবে ১১ ডিসেম্বর। তবে নতুন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দায়িত্ব নেওয়ার শুরুতেই সরকার অচল করে দিতে চাইবে না ডেমোক্র্যাটরা।

তাই আগামী ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত সরকারি ব্যয় চালু রাখতে সাময়িক অর্থায়নের বিষয়ে সমঝোতা হতে পারে। এরপর পুরো অর্থবছরের বাজেট নিয়ে আলোচনা শুরু হবে। তখন স্বাস্থ্যসেবা, শুল্ক ও অন্যান্য বিষয়ে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে ছাড় আদায়ের চেষ্টা করতে পারে ডেমোক্র্যাটরা।

তবে অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনা কঠিন হবে। ট্রাম্পের মেয়াদের বাকি সময়ের জন্য অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অর্থায়ন সুরক্ষিত করার উদ্যোগ নিয়েছে রিপাবলিকানরা।

 

ইরান যুদ্ধের অর্থায়নে বাড়বে নজরদারি

ইরান যুদ্ধ বন্ধের দাবিও তুলতে পারে ডেমোক্র্যাটরা। তবে সরাসরি যুদ্ধের অর্থায়ন বন্ধ করতে গেলে সিনেটে কিছু রিপাবলিকান সদস্যের সমর্থন প্রয়োজন হবে। এমনকি ডেমোক্র্যাটদের মধ্যেও যুদ্ধের সব ধরনের অর্থায়ন বন্ধ করা নিয়ে মতপার্থক্য রয়েছে।

তাই আপাতত যুদ্ধের বিষয়ে আরও স্বচ্ছতা নিশ্চিত করার দিকে নজর দিতে পারে দলটি। সাবেক ডেমোক্র্যাট কংগ্রেসকর্মী ও সেন্টার ফর আমেরিকান প্রগ্রেসের বিশ্লেষক ড্যামিয়ান মারফির মতে, যুদ্ধের হতাহতের সংখ্যা এবং অস্ত্রের মজুত সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশে প্রতিরক্ষা দপ্তরকে বাধ্য করতে পারে কংগ্রেস। গত এক বছরে পেন্টাগন আইনপ্রণেতাদের অনেক তথ্যই জানায়নি বলে অভিযোগ রয়েছে।

২০০৬ সালে কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ার পর ইরাক যুদ্ধের সময়ও একই ধরনের তথ্য প্রকাশের বাধ্যবাধকতা তৈরি করেছিল ডেমোক্র্যাটরা।

 

ট্রাম্পের বিচারপতি নিয়োগে বাধা দিতে পারে সিনেট

অর্থনৈতিক নীতির বাইরে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতেও সক্রিয় হতে পারে ডেমোক্র্যাটরা।

সিনেটে সংখ্যাগরিষ্ঠতা থাকায় ট্রাম্পের বিচারপতি ও মন্ত্রিসভার মনোনীত ব্যক্তিদের নিয়োগ আটকে দেয়ার সুযোগ পাবে দলটি।

বিশেষ করে সুপ্রিম কোর্টের কোনো রক্ষণশীল বিচারপতি ২০২৮ সালের নির্বাচনের আগে অবসর নিলে পরিস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সুপ্রিম কোর্টের দুজন রক্ষণশীল বিচারপতির বয়স এখন ৭০-এর বেশি।

এ ক্ষেত্রে ২০১৬ সালে বারাক ওবামার মনোনীত বিচারপতি মেরিক গারল্যান্ডের নিয়োগ আটকে দিতে রিপাবলিকানরা যে কৌশল নিয়েছিল, ডেমোক্র্যাটরাও একই পথে হাঁটতে পারে।

নিম্ন আদালতের বিচারপতি নিয়োগও ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে চলে আসবে। তাই দায়িত্ব নেয়ার আগে নভেম্বর ও ডিসেম্বরে যত বেশি সম্ভব বিচারপতি নিয়োগ দিতে চাইবে রিপাবলিকানরা।

 

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্তে জোর

নতুন কংগ্রেসে ডেমোক্র্যাটদের অন্যতম প্রধান কর্মসূচি হবে তদন্ত ও নজরদারি।

সরকারি কর্মকর্তাদের তলব, শুনানি এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড সামনে আনতে চায় দলটি। বিশেষ করে প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যদের ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট ব্যবসায়িক কার্যকলাপ নিয়ে তদন্তে আগ্রহী ডেমোক্র্যাটরা।

এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ মনে করেন, ট্রাম্প প্রেসিডেন্টের পদ ব্যবহার করে নিজের সম্পদ বাড়াচ্ছেন।

নির্বাচন-পরবর্তী জরিপে প্রায় ৯০ শতাংশ ভোটার বলেছেন, সরকারি দুর্নীতি তাদের ভোট দেয়ার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ডেমোক্র্যাটরা তদন্ত করতে পারে এমন দুটি বিষয় হলো, ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিনিয়োগ রয়েছে এমন একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান কীভাবে পেন্টাগনের কাছ থেকে ঋণ পেল এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ব্যক্তিগত বিনিয়োগ তহবিলে উপসাগরীয় দেশগুলোর বিনিয়োগের মাধ্যমে কোনো প্রভাব বিস্তারের চেষ্টা হয়েছে কি না।

এ ছাড়া শুল্কনীতি, ইরান যুদ্ধ ও অভিবাসন নীতি নিয়েও শুনানি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

দুর্নীতি ঠেকাতে নতুন আইন চান ডেমোক্র্যাটরা

সরকারি কাজে স্বচ্ছতা আনতে বেশ কিছু আইন প্রস্তাবের পরিকল্পনা রয়েছে দলটির। এর মধ্যে কংগ্রেস সদস্যদের শেয়ারবাজারে ব্যক্তিগত লেনদেন নিষিদ্ধ করার প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া ট্রাম্পের কাছে কাতারের দেয়া বিলাসবহুল প্লেন ফেরত দেওয়ার দাবি তুলেছেন প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির সম্ভাব্য চেয়ারম্যান জেমি রাসকিন।

তিনি আরও চান, প্রেসিডেন্টের ক্ষমা প্রদানের মধ্যস্থতাকারীদের বিদেশি সরকারের পক্ষে কাজ করা লবিস্টদের মতো নিবন্ধন করতে বাধ্য করা হোক।

প্রতিনিধি পরিষদের নজরদারি কমিটির সম্ভাব্য চেয়ারম্যান রবার্ট গার্সিয়া সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকদের রাজনৈতিক দল বা নির্বানিনী প্রচারে অর্থ দেয়া বন্ধ করতে চান।

তিনি এই উদ্যোগকে ‘মাস্ক লুপহোল’বন্ধ করার প্রচেষ্টা বলে উল্লেখ করেছেন। প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের রাজনৈতিক অর্থায়ন নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে এমন নাম দেয়া হয়েছে।

 

তৃতীয়বার ট্রাম্পকে অভিশংসনের দাবি উঠতে পারে

ডেমোক্র্যাটদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে ট্রাম্পকে অভিশংসনের দাবি সামলানো। ট্রাম্পকে এর আগে দুইবার অভিশংসন করেছে প্রতিনিধি পরিষদ। তবে সিনেটে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় তাকে পদ থেকে সরানো যায়নি।

দলের অনেক কর্মী ও নিরাপদ আসনের আইনপ্রণেতা তৃতীয়বার অভিশংসনের দাবি তুলতে পারেন। এরই মধ্যে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তাকে অভিশংসনের দাবিতে সাতটি প্রস্তাব এনেছেন ডেমোক্র্যাট সদস্যরা।

একটি প্রস্তাব প্রাথমিক ভোটে আটকে গেলেও ডেমোক্র্যাটদের প্রায় ৭০ শতাংশ সদস্য এতে সমর্থন দিয়েছিলেন।

তবে জেমি রাসকিন মনে করেন, প্রেসিডেন্টকে পদ থেকে সরাতে সিনেটে দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। তাই অভিশংসন কোনো সমস্যার সহজ সমাধান নয়।

২০২৮ সালের নির্বাচনই বড় লক্ষ্য

ডেমোক্র্যাটদের নেতা হাকিম জেফরিসের প্রধান লক্ষ্য হবে ২০২৮ সাল পর্যন্ত কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা। এ জন্য মধ্যপন্থি ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনের সদস্যদের রাজনৈতিক অবস্থানও বিবেচনায় রাখতে হবে।

শুধু ট্রাম্পবিরোধী অবস্থান নিয়ে এসব আসনে জয় ধরে রাখা কঠিন হতে পারে। তাই ট্রাম্পের পাশাপাশি তার মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধেও অভিশংসনের উদ্যোগ নিতে পারে দলটি।

সম্ভাব্য লক্ষ্য হিসেবে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নাম আলোচনায় রয়েছে। কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ পরিচালনা এবং মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচারবহির্ভূত হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি উঠতে পারে।

স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি উঠতে পারে। তার দায়িত্বকালে যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের মধ্যে সবচেয়ে বড় হাম সংক্রমণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

তবে নির্বাচনে বড় জয় পেলেই রাজনৈতিক লক্ষ্য পূরণ সহজ হয় না। অতিরিক্ত আক্রমণাত্মক অবস্থান নিলে যেমন ভোটারদের বিরক্তি তৈরি হতে পারে, তেমনি অতিরিক্ত সতর্ক থাকলেও সমালোচনার মুখে পড়তে পারে দলটি।

তাই ট্রাম্পকে নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি পূরণ—এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখাই হবে ডেমোক্র্যাটদের সবচেয়ে বড় পরীক্ষা। সূত্র: দ্য ইকোনমিস্ট।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers