শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

সাহিত্য

কবি লোরকা- বুলেটবিদ্ধ এক বুলেট

সাজিদুল হক ২৪ আগস্ট , ২০২৫, ১৮:৪৭:১১

250
  • ছবি: ইন্টারনেট

"কবি লোরকা'র এক ঘাতককে জিজ্ঞেস করা হয়েছিল,কেন তাকে হত্যা করা হল? স্বৈরাচারীর লেলিয়ে দেয়া হত্যাকারী বলেছিল লোরকা'র কবিতা বুলেটের চেয়ে শক্তিশালী। জনগনের মহান কবি ফেদেরিকো গারসিয়া লোরকার মৃত্যু দিন ১৯ আগস্ট ১৯৩৬। তার উদারনৈতিক, পরমতসহিষ্ণু মনোভাব ও লেখনি ক্ষুব্ধ করে স্পেনের তৎকালীন স্বৈরশাসককে। লোরকা'কে ফায়ারিং স্কোয়াডে হত্যা করে লাশ গুম করে ফেলা হয়। স্পেনের গ্রানাডায় ১৮৯৮ সালের ৫ জুন তার জন্ম। শুধু কবিতা নয় বিশ্ব সাহিত্যে নাট্যকার হিসেবেও তিনি উল্লেখযোগ্য।

লোরকা'র মৃত্যুতে শোকাহত মহান কবি পাবলো নেরুদা বলেছিলেন স্পেনের সবচেয়ে সুন্দর ফুলটি ঝরে গেল। লোরকা'র জন্যে আমাদের শ্রদ্ধাঞ্জলি। "

সমাজ ও রাষ্ট্রের সঙ্গে কবি-লেখকদের বিরোধ ছিলো আদর্শিক। চলিষ্ণু সময়কে প্রশবিদ্ধ করে একজন দায়বদ্ধ কবিকে কবিতা লিখতে হয়।

বোধকরি, এজন্যই শত শত বছর ধরে এসব কবি-সাহিত্যিকেরা স্মরণীয়। 

সামাজিক ও রাজনৈতিক বৈষম্য তাদের মনোজগতকে অস্থির করে দিত। ফ্যসিবাদী রাষ্ট্রের সঙ্গে চলে কবির আমৃত্যু লড়াই।

মৃত্যুজয়ী তেমন একজন, বিশ্বের মনোযোগ কেড়েছেন বিশ শতকের স্প্যানিশ কবি ফেদেরিকো গার্সিয়া লোরকা। ভয়কে জয় করাই ছিলো তার লক্ষ্য। কবিতাকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করেছেন তিনি।  রাষ্ট্রের স্বৈরতন্ত্রকে চ্যালেঞ্জ করাই তার ধর্ম। স্থির থেকেছেন নিজের সিদ্ধান্তে।

স্প্যানিশ সাহিত্য জগতে লোরকার গুরুত্বের প্রধান কারণ তার রাজনৈতিক ও সামাজিক বোধ।কবিতার পাশাপাশি নাটক এবং সংগীতের সাথেও জড়িত ছিলেন লোরকা। সামাজিক ও রাজনৈতিক দায়বদ্ধতা থেকে তিনি সাংস্কৃতিক পুনর্জাগরণের পথেরও সূচনা করেন। লোরকার সামগ্রিক সাহিত্যকর্মের নান্দনিক সৌন্দর্য ছিলো ঈর্ষনীয়। একইসঙ্গে সামাজিক বিরোধের মূলে যে অসাম্য, প্রান্তিক শ্রেণির মনোবেদনা এবং রাজনৈতিক প্রতিরোধের প্রতীক হিসেবেও লোরকা এই শতাব্দীতে গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে। আমরা জানি, কবির হত্যাকাণ্ডটিও রাজনৈতিক ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা হয়ে আছে।

০২.কবিতায় যেভাবে সমাজ এসেছে

কবিতার সামাজিক গুরুত্ব বিবেচনায়

লোরকার কবিতায় প্রান্তিক জনগোষ্ঠী, ভূমিদাস, শ্রমজীবি, নারী ও নিপীড়িত মানুষদের জীবনের বেদনাকে অর্থপূর্ণ করে তুলে ধরেছেন। জিপসি জনগোষ্ঠীর সামাজিক বৈষম্যের কথা উজ্জ্বল হয়ে ওঠে। তার কাব্যভাবনা মানবিক মুক্তির প্রশ্নটি ঘুরে ফিরে আসছে বারবার।

০৩. সাংস্কৃতিক আত্মপরিচয়ের সন্ধানে

লোরকা ছিলেন শেকড় সন্ধানী।

ঐতিহ্যের পুনরুদ্ধার প্রচেষ্টায়

আন্দালুসিয়ার লোকসংস্কৃতি, সংগীত আরবি-স্প্যানিশ ঐতিহ্য ইত্যাদিকে নতুন বিন্যাসে সাহিত্যিক ভাষায় প্রকাশ করেছিলেন। এতে তিনি স্পেনের জনগণের সাংস্কৃতিক আত্মপরিচয়কে শক্তিশালী ভাবে উপস্থাপন করেছিলেন।

০৪.রাজনৈতিক বিবেচনায় লোরকার কবিতা

ফ্যাসিবাদ-বিরোধিতা লোরকার মনন স্পষ্টভাবে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ছিলো পক্ষপাত। দ্বিতীয় স্প্যানিশ প্রজাতন্ত্র-এর সমতা, শিক্ষা ও সামাজিক সংস্কারের পক্ষে তার সমর্থন সুবিদিত।

স্বৈরতন্ত্র, সামন্তবাদ, এবং গোঁড়া ক্যাথলিক চার্চের কুসংস্কার ও নিপীড়নের বিরুদ্ধে প্রতীকী ও রূপকভাবে প্রতিবাদ জানানোর ক্ষেত্রে তিনি কখনো দ্বিধাবোধ করেননি। তাঁর নাটকে নারী-স্বাধীনতার প্রশ্নটি রাজনৈতিক রূপ পরিগ্রহ করেছে। যে কারণে অনিবার্য প্রতিপক্ষ হয়ে উঠে রক্ষণশীল সমাজ ও ফ্যাসিবাদী রাষ্ট্রের। প্রজাতান্ত্রিক, উদারচিন্তক ও বামপন্থার একজন লেখককে মৃত্যুবরণ করতে হলো ফ্যাসিস্ট ফ্রাঙ্কোর অনুগত বাহিনীর হাতে।

সর্বোপরি, লোরকা আধুনিকতার সঙ্গে মানবিক চেতনাকে যুক্ত করেছেন।

শিল্প ও সাহিত্যের শৈল্পিক সৌন্দর্যের উপস্থাপনের পাশাপাশি কবিতাকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবেও  দেখতেন। তাঁর কবিতা স্পেনের রাজনৈতিক সংগ্রামের সাংস্কৃতিক প্রতিচ্ছবি।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers