শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ , ২২ শাওয়াল ১৪৪৭

সাহিত্য

চরু হকের কবিতাগুচ্ছ, ‘জনমের ফুল’

চরু হক ৬ ফেব্রুয়ারি , ২০২৬, ১৬:৫৮:৪৪

663
  • চরু হকের কবিতাগুচ্ছ, ‘জনমের ফুল’

ভ্রমণ

চলুন ঘুরে আসি

তুরাগ পার হয়ে

দেখে আসি অবাক সূর্যোদয়

খেয়ে আসি চা

আর লাল মাটির রাস্তায়  বুনোফুল দেখতে দেখতে

হঠাৎ চমকে দেখে ফেলি জীবন।

যে জীবন আপনার আমার ও শালিকের।

হায়

জীবন উড়িয়ে দিলে আমরা কি কেবলি ধূলি?

 

জলের আয়নায়

পাখির ডিমের মতো স্বচ্ছ নীল জল শুয়ে আছে

জলের আয়নায় ভাসে ঈশ্বরের মুখ

অচিন বাতাস এসে এইখানে থেমে যায় ধীরে

জলের আঁচল জুড়ে  কার  যেনো  লেগে থাকে বিরহের দাগ।

 

ছায়া

লাল ঠোঁট যেনো বাগানবিলাসগুচ্ছ

চোখের মণিতে ছায়া।

দুই চোখ কেবল জ্বলছে নিঃশব্দে।

এ কার ছায়া?

পাগলিনীর মতো তোমার এলোচুল

তার ভেতরে খোদাই করা পদ্মপাতার  মতোন এক মুখ।

এলোচুলে ঘের দিয়ে রেখেছো কোন গাঙিনা জোছনা

মায়ার ঘর কি এখানেই বাঁধা?

ও নায়রী,তোমার চোখে দেখ ছায়া পড়েছে

ক্লান্ত চোখ তবু বড়ো শান্ত, যেনো মোম।

 

স্বর

আমার ভেতর দিয়ে কথা বলে যাও তুমি এ কেমন জন

তুমি কথা বলে যাও, আমি শুধু শুনি আর শুনি

চুপচাপ পড়ে থাকি নিঝঝুম তোমার হাত ধরে

হে আমার অপূর্ব কান্ডারী

এ জীবনে না জানি সে কত শত বার

তোমার প্রেমে ডুবি এবং মরি।

 

গ্রহণকাল 

পাথর হয়ে যাওয়া এ হৃদয়ে

কেবল শতবর্ষের পাতাঝরা।

মাটির ঘরে আজ বিবাগের ফুল ফুটেছে

তাকে তুলে নিতে হবে পরম আদরে

এ কেমন গ্রহণকাল

দিগবিদিক ছুটছে মানুষ।

আঁচলে আগুন

     আতঙ্কিত বধূ

যত দ্রুত ছুটে চলে

তত বাড়ে আগুনের লেলিহান থাবা।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers