শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ , ১৮ রমজান ১৪৪৭

সাহিত্য

রেজা রিফাত আলমের ৫টি কবিতা

রেজা রিফাত আলম ২০ ফেব্রুয়ারি , ২০২৬, ১৩:৫১:১০

523
  • রেজা রিফাত আলমের ৫টি কবিতা

১.

ইতস্তত যোগাযোগ

 

এখন ইতস্ততভাবে হাই তোলে আমার অনুপস্থিতি।

অথচ কয়েকটি সাগর মহাসাগর পেরোলেই—

সিডনি থেকে ঢাকা যাওয়া যায়।

একদম গরম থেকে হঠাৎ শীতের দিনে!

 

মাত্র কয়েকটি দেশ পেরোলেই—

আমরা মসজিদের শহরে পৌঁছে যেতে পারি।

সন্ধ্যায় পাবলিক লাইব্রেরির সিঁড়িতে বসে চা খেতে পারি কিংবা

আজিজে গিয়ে উল্টেপাল্টে দেখতে পারি বইয়ের পাতা।

 

মাত্র ন’হাজার একাত্তর মাইল পেরোলেই—

আলাউদ্দীন রোডে হাজীর বিরিয়ানির সাথে পাওয়া যাবে ঝাল ঝাল কয়েকটি কাঁচামরিচ।

বিউটি লাচ্ছি চেয়ে নিতে পারি ডেজার্টে!

 

শুধু আমি বলতে পারি না, এই দূরত্ব অতিক্রম করলেই

কেউ আমার জন্য অপেক্ষায় থাকবে।

একদিন যা ছিল বন্ধু স্বজন কিংবা প্রিয়তম

কালক্রমে নির্বিবাদে সব রঙ হারিয়েছে।

 

যা আছে থেমে কেবল অন্ধকারে জমা মলিনতা।

 

২.

যে ভ্রমর বাঁচতে জানে অন্য কৌশলে

 

আমি আর তোমার জন্য অপেক্ষা করবো না,

অনেক বৃষ্টিজল মেখে আমি দিন গুনেছি,

নষ্ট করেছি এক জীবন ভীষণ আক্ষেপে—

নীল খামে হাহাকার লিখে ছুড়েছি অন্ধকারে!

 

যখন মানুষ মিলিত আকাঙ্ক্ষার স্রোতে ভেসে গেছে,

তখনো আমি তোমার জন্য ঠাঁয় দাঁড়িয়ে ছিলাম,

ক্রমাগত ধাক্কা দিয়ে গেছি বন্ধ দরজায়।

 

তবু, আমি কৌতূহলে ছুয়ে দেখিনি মুগ্ধ বকুল!

ভালোবাসার জন্য বুকে পুষেছি তীব্র অনল,

কেবল ঘুঘু পাখি জানে মাঝরাতের দীর্ঘশ্বাস,

তবু তোমার পথ থামেনি আমার দুয়ারে,

বিষন্ন পারিজাতে কখনো আসেনি সুপ্রভাত!

 

কিন্তু, আমি আর অপেক্ষায় থাকবো না।

এখন আমি জেনে নিয়েছি,

যে নিজ থেকে আসেনা, তাকে ধরতে নেই,

তুমিও জানবে একদিন,

পৃথিবীর সব ভ্রমর ফুলের সৌরভে মুগ্ধ হয় না,

বাচঁতে জানে সে অন্য কৌশলে !

 

৩.

বিস্মরণ

 

পথ থেকে ঘরে ফেরার সিঁড়িতে উঠতে উঠতে

মনে হয় পথে কিছু একটা ফেলে এসেছিলাম,

 

আবার ঘর থেকে পথে নামলেই মনে হয়

ঘরে কিছু রেখে গিয়েছিলাম কি!

 

কোথায় কি রেখেছিলাম আমি কিচ্ছু জানি না।

কি আশ্চর্য এই মনে না থাকা।

 

এখন আমার কিছু নেই, না ঘর না পথ!

শুধু মনে হয় কোথাও কিছু একটা ফেলে এসেছিলাম!

৪.

ইকারুসের পাখা

 

তোমাকে দেখে আমার মরে যেতে ইচ্ছে হয়েছিল!

চারপাশে ঠান্ডা হাওয়ায় মুহূর্তেই

পুরো রাজপথে তুমি ছাড়া যেন কেউ ছিল না।

 

আমি তোমাকে সূর্য ভেবে ইকারুস হতে চেয়েছিলাম

মোমে তাপে গলে গলে—

এর থেকে আর কোন ভালো মৃত্যুর কথা

আমার জানা ছিল না!

 

৫.

মৃত্যু এড়িয়ে জীবন 

 

একটা ইচ্ছামতন মৃত্যু ঘুরে ফিরে যায় কালাতীত নিরর্থক দিনে,

যা ছিল যা নেই হাহাকার ছড়িয়ে যায় অবশ শরীরে,

 

সারাদিন অদৃশ্য বৃষ্টি নামে পৌরাণিক রাজপথে,

তবু, অন্যমনস্ক কাক রৌদ্রে উড়ে অবাক বিস্ময়ে!

 

এখনো বিপন্ন জীবনে, অলৌকিক কিছু মায়া থেকে যায়,

 অস্বচ্ছন্দ জন্মের আঘাত সয়ে, আরও কিছুদিন দেখবো বলে! 

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন