বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

সাহিত্য

জীবনানন্দের ‘সিন্ধুসারস’ যেন ‘টারান্টেলা’র ঘুর্ণন

অমৃতা ইশরাত ৯ জুলাই , ২০২৬, ২০:৩০:৫১

317
  • জীবনানন্দের ‘সিন্ধুসারস’ যেন ‘টারান্টেলা’র ঘুর্ণন

‘সিন্ধুসারস’ জীবনানন্দ দাশের স্বভাবসিদ্ধ কাব্যজগতের উজ্জ্বল উদাহরণ—যেখানে প্রকৃতি, সময়, স্মৃতি আর মানব-অস্তিত্বের গভীরতা মিলে অনুভবের এক সূক্ষ্ম জগৎ নির্মাণ করে। কবিতার পাখিটি শুধু প্রকৃতির অংশ নয়, মানুষের বিপরীতে দাঁড়িয়ে থাকা অনাহত, অবিচল, প্রায়-অতিমানবিক অস্তিত্ব হয়ে ওঠে।

শুরুতেই আমরা দেখি—রৌদ্রজ্বল সিন্ধুর কোলে কবি আর সারসের ক্ষণস্থায়ী সহাবস্থান। পাখিটি মালাবারের পাহাড় থেকে সমুদ্রের কাছে নেমে ‘টারান্টেলা’ নৃত্যের মতো রহস্যময়ভাবে ঘুরছে। ‘টারান্টেলা’  যারা দেখেছেন তারা জানেন এটা গতি, উচ্ছ্বাস আর অস্তিত্বের স্বতঃস্ফূর্ত প্রকাশ। জীবনানন্দ এই নৃত্যের মাধ্যমে এমন এক জীবনের ইঙ্গিত দেন, যা মানুষের ক্লান্ত, জটিল ও ইতিহাসবাহী জীবনের সম্পূর্ণ বিপরীতে অবস্থান করে।

সারসের সাদা ডানা সমুদ্রের ফেনার মতো নেচে ওঠে—এমন চিত্রকল্পে প্রকৃতির এক নির্মল, অনাবিল আনন্দ ধরা পড়ে, যা মানুষের দৈনন্দিন ব্যস্ততা ও কোলাহলের আড়ালে প্রায়শই চাপা পড়ে থাকে। তবে কবিতার অগ্রগতির সাথে সাথে তীব্র বৈপরীত্য তৈরি হয়। একদিকে পাখির নির্ভার, স্মৃতিহীন, অতীতবর্জিত অস্তিত্ব—অন্যদিকে মানুষের ইতিহাস-ভারাক্রান্ত জীবন।

জীবনানন্দ প্রশ্ন তোলেন—‘জানো কি অনেক যুগ চ’লে গেছে? ম’রে গেছে অনেক নৃপতি?’—প্রশ্নগুলো আপাতদৃষ্টিতে সারসকে উদ্দেশ্য করে বলা হলেও, প্রকৃতপক্ষে এটা মানুষেরই আত্মজিজ্ঞাসা। মানুষের জীবন ইতিহাস, স্মৃতি ও অভিজ্ঞতার স্তরে স্তরে গড়ে ওঠে। অতীতের সঞ্চয় তাকে সমৃদ্ধ করে, আবার ভারাক্রান্তও করে তোলে। মানুষের জীবন ইচ্ছা, চিন্তা, স্বপ্ন, প্রেম, ব্যর্থতা এবং বিচ্ছেদের অভিজ্ঞতায় গঠিত। সময় মানুষের কাছে কেবল প্রবাহ নয়, গভীর এক মানসিক বাস্তবতা। তাই জীবনানন্দ আবার প্রশ্ন করেন—'বেদনার আমরা সন্তান?' প্রশ্নটি  তাঁর একার নয়, সমগ্র মানবজাতির অস্তিত্বগত অভিজ্ঞতার প্রতিধ্বনি।

কবিতার মাঝামাঝি অংশে জীবনানন্দ এক স্বপ্নময়, প্রায় অলীক জগত নির্মাণ করেন। সেখানে আছে রূপসীর মুখ, ধানসিঁড়ি নদীর পাড়, ঢেউ, নির্জন দুপুরের আলো—সব মিলিয়ে হারিয়ে যাওয়া অথচ গভীরভাবে অনুভূত এক পৃথিবী। এই অংশে কবির ব্যক্তিগত স্মৃতি, প্রেম এবং নস্টালজিয়া প্রকৃতির চিত্রকল্পের সঙ্গে মিশে যায়। অতীত অনুভবের ভেতরে পুনরায় জীবন্ত হয়ে ওঠে। কিন্তু সিন্ধুসারস এই স্মৃতির জগতেরও বাইরে থাকে। মানুষের অনুভূতির জটিলতা, হারানোর বেদনা কিংবা ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা—এসবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সে নিজের স্বাভাবিক অস্তিত্বেই সম্পূর্ণ।

তবে জীবনানন্দ তাঁর কবিতায় মানুষকে কেবল দুর্ভাগ্যের প্রতীক হিসেবে দেখান না। মানুষের স্মৃতি কেবল বেদনার উৎস নয়, অনুভবের গভীরতারও উৎস। সারসের মুক্ত জীবনের মতো মানুষের স্মৃতিবাহী জীবনেরও মূল্য আছে। কবিতার অন্তর্লীন সুরে এই দ্বৈত সত্যই প্রতিফলিত হয়েছে।

এই কবিতায় জীবনানন্দ আমাদের সামনে একটি মৌলিক প্রশ্ন রেখে যান—মানুষ কি স্মৃতি, ইতিহাস কিংবা হারানোর ব্যথা থেকে মুক্ত হতে চায়, নাকি এসব তার মানবিক সত্তার ভিত্তি?

'সিন্ধুসারস' এই প্রশ্নের কোনো নির্দিষ্ট উত্তর দেয় না। তবে মানুষ ও প্রকৃতির দুটি ভিন্ন অস্তিত্ব পাশাপাশি স্থাপন করে এমন একটি পরিসর সৃষ্টি করে যেখানে পাঠক নিজেই নিজের জীবন, সময়, স্মৃতি এবং বেদনার অর্থ নিয়ে ভাবতে শুরু করে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers