রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

সাহিত্য
  >
কবিতা

কবিগুরু, কোথায় মুখ লুকাবো আমি

শহীদুল্লাহ ফরায়জী ফেব্রুয়ারি ২১, ২০২৩, ১৩:২৮:০৮

566
  • কবিগুরু, কোথায় মুখ লুকাবো আমি

হে, কবিগুরু

আপনার স্থাপত্য

আমার অন্তরের গভীরে

যক্ষের ধনের মতো

চিরকাল লালন করে আসছি,

কিন্তু এবার বইমেলায় যাবার পথে

হঠাৎ করে আপনার দ্বিখণ্ডিত ভাস্কর্য-মস্তক

সোহরাওয়ার্দী উদ্যানে

আবর্জনার স্তূপে

দেখতে পেলাম।

 

আপনি আমাদের

জীবন চেতনার উদঘাটন এবং

অন্তর্লোক উদ্ভাসিত করে

জীবনের সংকীর্ণ গন্ডি, জীর্ণতা

অতিক্রম করতে বলেছিলেন,

চোখের সামনে তুলে ধরেছেন

জীবনের শোভাযাত্রা।

 

আপনি সীমার মাঝে

অসীমের প্রকাশ,

আপনি অপূর্ব আনন্দ বেদনার

সংগীত রচনা করেছেন,

আপনার ঐশ্বর্য

আমাদের অমোঘ শক্তিতে

পরাপক্রমশালী করেছিল।

 

হে কবি

আপনি প্রতিভার উজ্জ্বলতম দৃষ্টান্ত,

আত্মশক্তি দিয়ে 

আপনার ভাস্কর্য

আমাদের সুরক্ষা দেয়ার কথা,

কিন্তু আমরা ছুঁড়ে ফেলেছি

আনন্দ উল্লাসে,

আপনার খন্ডিত মস্তক

ঠাঁয় দিয়েছি আবর্জনায়।

 

কবিগুরু, আপনি

এই প্রজাতন্ত্রের

জাতীয় সংগীতের স্রষ্টা

একবার দেখে যান

আপনার ‘সোনার বাংলা’

মাথায় তুলে কীভাবে

পায়ের তলায় ফেলে দেয়,

না চাহিলে যারে পাওয়া যায়

তার অশ্রদ্ধার নিদর্শন দেখতে

একবার ঘুরে যান।

 

ঘোরতর ভয়ের অমানিশায়

চারিদিকের স্তব্ধতায় 

আপনাকে প্রতিবাদের ভাষায়

রূপান্তর করতে গিয়ে

চরম লজ্জায় ফেলেছি,

 

অপশক্তি মুখোশের আড়ালে

নির্বিচারে আপনাকে প্রত্যাখ্যান করছে,

আমাদের কপটতা

আপনার উদ্দীপ্ত কল্পনা,

রক্তক্ষরণ আর অন্তর্ভেদী দৃষ্টিকে

বুঝতে পারেনি।

 

কবিগুরু, কোথায় মুখ লুকাবো আমি।

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers