বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

সুরভী রায়ের কবিতা, ‘সিঁড়িঘর’

সুরভী রায় আগস্ট ১২, ২০২৩, ১২:১৪:৪৩

731
  • ছবি: সুরভী রায়ের পোস্ট থেকে

বাড়ি ফিরে দেখি

এক সোনালি ডানার ফড়িং বসে আছে ঠায়

আমার সিঁড়িঘরে!

অথচ, এমন একটা জীবন আমার

যে জীবনে কারো আমার জন্য সময় নেই!

যে জীবনে আমার অপেক্ষায় কেউ নেই!

 

বহু বহু সুর আমায় ছেড়ে

কত বাতাসের তোড়ে গেছে ভেসে

আর আমি দিনান্তে—

নিজের ডানা গুটিয়ে ফিরে এসে নীড়ে

দেখি, রাত্রি হয়েছে বলে ফুলেরা ঘুমিয়েছে!

আঁখি মুদে রেখেছে আকাশে তারাদের জোট!

অমন একটা যাপনে, এই সোনালি ডানার ফড়িং

আমাকে লালায়িত করে!

 

সোনালি ডানার ভাষায় আমার কথা বলতে ইচ্ছে করে

আমার জানতে ইচ্ছে করে ঘাসেদের জীবন-যাপন

ভীষণ কোনো বর্ষা আহত মুমূর্ষু দিনে

ফড়িং-এর ডানা ভেজা উড়ান

আমায় সবুজের ঘোরে উস্কে দেয়!

 

আমি কারো অপেক্ষার আশা না করেই

দিনশেষে ফিরে ফিরে আসি, আমার সিঁড়িঘর!

প্রতি রাতে অমোঘ সব গৎবাঁধা গল্প

পিঠে করে বয়ে নিয়ে আসি!

তারই মধ্যে—তোমার চোখ অন্য কিছুর তল্লাশে

অপেক্ষা করার অনুভব হারিয়েছে কত আগে!

এমন হারিয়ে যাওয়া দেখেই,

সোনালি ডানায় করে অপেক্ষা এসেছে সিঁড়িঘরে!

 

কিছু হারিয়ে ফেললেই বুঝি,

অন্য বেশে আবার ধরা দেয় অনুভব!

তবে, পুনরায় প্রশস্ত হোক সোনালি ডানার ঘোর

আর, আমার বাড়ি ফিরবার সিঁড়িঘর!

 

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers