বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

মানিক পালের কবিতা ‘ভালোবাসা হলো না আমার’

মানিক পাল মে ২১, ২০২৪, ১৭:০৪:২৫

908
  • মানিক পালের কবিতা ‘ভালোবাসা হলো না আমার’

কোনো মাসেই ভালোবাসা হলো না আমার

প্রথম ভালোবাসা এসেছিলো

কোনো এক বৈশাখে,

বুঝে ওঠার আগেই কালবৈশাখী ঝড়ের মতো 

তছনছ করে মিলে গেল অন্ধকারে!

আঁধার কাটলো, আবার উঠে দাঁড়ালাম

আবার তার আসার প্রতীক্ষায় থাকলাম।

হতাশ হইনি কারণ আমি একটা ঝকঝকে 

নিখুঁত ভালোবাসা চেয়েছিলাম।

জ্যৈষ্ঠতেও খুব কাছে থেকে ভেসে আসলো

দ্বিতীয়বার ভালোবাসার ঘ্রাণ

জ্যৈষ্ঠের প্রচণ্ড তাপদাহের মতোই 

বুকের উঠোনটা চৌচির করে বিদায় নিলো 

এক জোড়া কামাতুর চোখ!

আষাঢ়-শ্রাবণের বাদল দিনের প্রথম কদম ফুল 

সযত্নে সাজিয়ে রেখেছিলাম ফুলদানিতে।

কেউ যদি আসে, যদি ভালোবাসে, তাকেই করবো দান।

যদি মিশে যায় দুটি প্রাণ, শ্রাবণের ধারায় ভিজবো দুজন

গাইবো শ্রাবণের গান। 

জীবনের প্রথম একখানা ভালোবাসার কবিতাও 

লিখেছিলাম সাদা কাগজে।

ফুলদানিতে কদমগুলো শুকিয়ে গেল

বর্ষা যেন বিবর্ণ হয়ে বিদায় নিলো

আমার কবিতার কাগজখানি নৌকা বানিয়ে 

ভাটার জলে ভাসিয়ে দিলাম

অজানা অচেনা ভালোবাসার ঠিকানায়।

ভাদ্র-আশ্বিনে শিউলিতলায় শিউলিরা 

প্রতীক্ষায় থেকে থেকে গুমরে কাঁদছিলো 

সবুজ ঘাসের বুকে

সে আসবে বলে।

কিন্তু ভালোবাসা এলো না আর,

ওরা পচে-গলে মিশে গেল মাটির বুকে!

ভালোবাসা হলো না আর আমার। 

পেঁজা তুলার মতো উদাসী মেঘের ভেলায়

ভেসে চললো মনটা যেন

কোনো এক ভালোবাসার দেশে।

কার্তিক-অগ্রহায়ণ, পৌষ-মাঘ

নিঃশব্দে বিদায় নিলো পঞ্জিকার পাতা হতে!

না ভালোবাসা তখনো আসলো না।

ভাবলাম ভালোবাসা বুঝি সব মাসে হয় না,

হয়তোবা আসে কিন্তু আমি বুঝতেই পারি না!

অনেকেই বললো ভালোবাসার উৎকৃষ্ট মাস ফাল্গুন-চৈত্র!

বসন্তে নাকি ভালোবাসার বৃষ্টি হয়!

সত্যিইতো তাই! 

প্রথম বসন্তেই আরো ব্যাকুল হয়ে উঠলো মন, 

চারিদিকে অজস্র ভালোবাসার হাতছানি!  

নানান রঙের ভালোবাসা, লাল নীল সবুজ হলুদ গোলাপি 

এত্ত রঙের ভালোবাসার ভিড়ে

আমার পছন্দের সেই ভালোবাসার রঙটি খুঁজে পেলাম না।

চারিদিকে রঙের মেলা,

হরেক রঙের আবরণে যেন ঢেকে গেল 

আমার হৃদয়ে লুকিয়ে থাকা সেই রঙ।

তাই কোনো মাসেই আর ভালোবাসা হলো না আমার।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers