বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

রাজিয়া সুলতানা নুরিনের দুটি কবিতা

রাজিয়া সুলতানা নুরিন আগস্ট ১৩, ২০২৫, ১৮:৫৩:৩০

718
  • রাজিয়া সুলতানা নুরিনের দুটি কবিতা

১.

হাসতে হাসতে উঠে আসি নকল বন্ধুর পাশ থেকে।

তোমাদের বাড়ির খবর নিতে হবে ভেবে বাজারেই আরেকটু বেশি সময় কাটাই।

হয়ত একদিন বাজার থেকেই উঠে যাবো কোনো দূরগামী ট্রেনে।

বাড়ি নয় আর কোনো কিছুতেই আর বাড়ি নয়।

একাই যখন যেতে হবে- সবুজ মাঠ পেরিয়ে সমুদ্রেই যাবো।

সঙ্গে নিতে পারি দু চারটে গোলাপ কিংবা কৃষ্ণচূড়া।

 

২.

ভালোবাসার কাছে পবিত্র শয়তান

তোমার ছেলেটিকে জিজ্ঞেস করো একদিন,

আমার নাম কি!

আমাদের ছোটোবেলার গল্পের মতো তারেও বুঝিয়ে বলো আমাদের ছেড়ে যাওয়ার কারণ।

সেও যেন জানে, ভালোবাসার ব্যাধি এক মরণ কথা।

মৃত্যু অবধি স্পষ্ট হয়ে যায় তারিখ।

আমাদের দেখা হওয়ার তারিখ বদলে গেছে আমাদের শেষ দেখায়।

লতিফ সরদার লেনের রাস্তায় অঝোরে ঝরে পড়ছে গোলাপ।

অথচ সেখানে একদিন ট্রাফিক পুলিশ আর রিকশার হর্ন ছাড়া ছিলো না কিছুই।

তোমার ছেলেটিকে বলো, মা এক বিকট শব্দ।

মা ডাকের শূন্যতায় উঠোন থেকে হারিয়ে যায় রাজহাঁস।

পাত থেকে উঠে আসে কুমড়ো-ফুলের বড়া।

বাগানের প্রতিটা পাতার ওজন বেড়ে যায়।

আকাশ থেকে পড়া এক একটা পাতা বিশাল শব্দ করে।

শূন্য বাড়ির কোনো দিন শব্দের অভাব হয় না।

নয়ত বলা তো যায়ই অনেক অনেক কথা।

কথা থেকে কথার দূরত্বে ঘুমিয়ে গেছে আমাদের নতুন কেনা পেন্সিল।

তবুও এখনো জীবন কলাপাতা সবুজ।

বাগানে এখনো মুরগি শেয়ালে নেয়।

আমাদের একলা দরজায় ঝুলে থাকা জীবন কোলাহলের ভেতর ঢুকে

চুরি করে নিয়ে যায়, গাব গাছের নীরবতা।

 

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers