বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

প্রজ্ঞা চন্দের কবিতা, ‘প্রেম কিংবা কবিতা’

প্রজ্ঞা চন্দ আগস্ট ২২, ২০২৫, ১১:৪৭:৪০

600
  • প্রজ্ঞা চন্দ

দুপাড়ের দীর্ঘ জ্যাম,

আর মাথার ওপরে সবুজের জীর্ণ চাঁদোয়া চিঁড়ে ,

রিকশাটা যখন ধীরে এগোয়,

আমি তখন অতিভাবনার বাঁধ ডিঙিয়ে

এক অনন্ত সম্মোহনে ডুব দেই শব্দের সমুদ্র তলে।

হয়তো এখানে সেখানে অন্য কোনো শব্দের সংযোজনে

হতে পারতো দারুণ একটা কবিতা,

কবিতার অস্ত্রোপচারকারীদের অভিমতে হয়তো তাই।

হতেই পারতো।

কিন্তু সে দায় আমার নয়।

তাই শব্দেরা আমার কাছে আসে নির্ভয়ে,

আশ্রয় চায় নির্বাক আকুতিতে,

আমি সেসব বুঝে নেই আনায়াসে,

কারণ, তাদের আমি ভালোবাসি,

আশ্রয় পায় নিঃশর্ত আশ্বাসে,

বিনিময় প্রথার অসাম্যজাত বিচ্ছেদ-ভয়হীন।

 

শব্দের গা ঘষে তাকে বন্দি করে কবিতার কার্পেটে

আদর্শ করে দাঁড় করানোর প্রয়োজন আপাতত আমার নেই।

আমার নেই এই সম্মোহনের স্মৃতিজাত ভাষায়

অন্য কাউকে সম্মোহিত করবার আশা।

আশা! আশা বড় ক্লান্তিকর,

প্রত্যাশা মানসিক পীড়ার পূর্বসূরি,

তারা অবিচ্ছেদ্য চক্রে জড়িত!

ঠিক যেমন জনক ছাড়তে পারেনি তার

জন্মদান ক্ষমতার ফলাফল সন্তানে গৌরবাধিকার!

 

আধুনিক সময়ে অনন্ত পীড়ার ভারে

আরো দু একটা পেরেক না হয় আলগাই থাক, কী ক্ষতি!

ক্ষতির হিসেব শুনে মগজ সহসা প্রচণ্ড ভয়ে কড়া নাড়ে। একটু দাঁড়াও না বাপু।

এমন ঘোরের মধ্যে মস্তিষ্ক তুমি না হয় মনে নাই করালে আরো দুটো নতুন ঝকঝকে জামার চাহিদার কথা!

আরো দু জোড়া জুতো, তিনটে আরো ওড়না,

একখানা রোদচশমা, আরো একটা সময় মাপা বিলাসী যন্ত্র, আরো আরো, আরো একখানা...।

জানি কবিতার পাতে দু এক মুহূর্ত সঁপে দিলে

তোমার তরকারির থালায় হালকা চাপ পড়ে,

তবু মুহূর্তের তরে,

আমায় না হয় সে ভাবনা থেকে তুমি ছাড় দিলে।

শুধু এই পথটুকু,

অনেক রাত্রির পর অন্য রাত্রির আগের গোধূলি সময়!

কী দারুণ মোহনীয়!

অপেক্ষার ক্লান্তিবর্জিত, কাঙ্ক্ষিতের পীড়নের ভারহীন, চাইবার সংকোচ-গ্লানিমুক্ত

কিছু মুহূর্তের স্বয়ম্ভু শান্তি;

ঠিক যেন কবিতার শব্দের মতো।

আপনার আনন্দে সে আপনি আনন্দিত,

অথচ বিবশ বিলীন নিঃস্ব!

 

সেই তো, গন্তব্যে পৌঁছে গেলে।

আর পৌঁছানো মাত্র মস্তিষ্কের সচেতন সত্তার দৌরাত্ম্যে প্রচণ্ড ঝাঁকুনিতে শব্দমালার আবেশ কেটে গেলে,

বৃদ্ধ ন্যুব্জদেহ চালকের কাছে তীক্ষ্ণ প্রশ্নে

লেনদেনটা সেরে নিতে বিলম্ব হয় না।

মস্তিষ্ক সে তো ঠকতে রাজি নয়,

হোক সে রাস্তায় কিংবা কবিতায়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers