মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

স্যামুয়েল হকের কবিতা ‘দেশ’

স্যামুয়েল নভেম্বর ১২, ২০২৫, ১৪:০৫:৫৯

315
  • স্যামুয়েল হকের কবিতা ‘দেশ’

দেশটি এখনো দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে,

শত বাধা-বিঘ্ন উপেক্ষা করে নিজেরে রাখে ভাবে বিভোর;

দিয়ে যায় নির্ভরতা, যুগে যুগে যুগিয়ে চলে অসীম সাহস —

কিছুই ভাঙতে পারে না ভূমিকম্প, ঝড়, জলোচ্ছ্বাস।

কত নদী-পাড় ভাঙে — সরে যায় তাল তাল মাটি,

জলের শ্যাওলা নিয়ে আবার নতুন করে গড়ে বিশ্বাস;

ভাঙা-গড়ার খেলায় চালিয়ে নেয় জীবন-মৃত্যুর ঘাঁটি,

পরম্পরায় শত স্মৃতির বোঝা নিয়ে তবু চালায় শ্বাস-প্রশ্বাস।

যতই সরে যায় গৃহবাসী পাখিদের মুখ, মরে যায় ঘাস,

ফুলের পাপড়ি, মেলে দেওয়া চোখ, প্রেয়সীর সুবাসিত নিশ্বাস;

ছড়িয়ে থাকা পথের মধ্যে বিষকাঁটা, শকুনের তীক্ষ্ণ নখ,

তবু সুঁই ও সুতোয় সেলাই করে, মুক্ত করে শৃঙ্খলিত গৃহবাস।

দেশটি দাঁড়িয়েই থাকে সময়ের কঠিন বাঁক নিয়ে মাথা উঁচু করে;

স্থলবাসী, জলবাসীদের জীবন-জীবিকার কথা বলে;

জমা করতে থাকে যাবতীয় রূপকথা, ভাষা বদলের ইতিহাস —

চাঁদের আদর নিয়ে তৃষ্ণার্ত, সোহাগি ফুলে ভৈরবী শোনায়।

আদি ও অনন্ত, সবুজ আর সবুজ — জেদ ধরে বুড়িয়ে যাবে না;

ছলনাভরা মেয়েটির চতুর ভ্রুপল্লবের মতো জেগে থাকে;

সৃষ্টিকোষে জমায় অপেক্ষার সৌরভ, ঋতুচক্রের মায়ার কাজল;

কথার মালা, কোটি প্রাণের সোহাগের মুহূর্ত, গা-ঘেঁষা ধুলো।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers